নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খানের পক্ষে গণসংযোগে অংশ নিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ২০ দলীয় জোটের নেতারা। জোটের নেতাদের নিয়ে মির্জা ফখরুল আজ শনিবার সকাল ১১টায় শহরের মিড টাউন এলাকা থেকে গণসংযোগ শুরু করেন।
কলিবাজার, পুরান কোর্ট, গলাচিপা, চাষাঢ়ার ডিপো বাজার প্রভৃতি স্থানে দুপুরের পর পর্যন্ত লিফলেট দিয়ে ভোটারদের কাছে ভোট চান তারা। এর আগে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপি মহাসচিব জোটের নেতাদের নিয়ে সকাল ১০টা ৫০ মিনিটে নারায়ণগঞ্জে পৌঁছান। গণসংযোগ শুরুর আগে মিড টাউনে বিএনপির জেলা কার্যালয়ে সামনে নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, আমরা বিশ্বাস করি, জনগণের ঐক্যবদ্ধ অবস্থানের ফলে অবশ্যই বিজয় হবে এবং আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।
ভোটারদের প্রতি বিএনপি মহাসচিব বলেন, নারায়ণগঞ্জের মানুষ যারা আইনের শাসনে বিশ্বাস করে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা ভোটের অধিকারে বিশ্বাস করে, যারা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা আজকে সবাই একত্রিত হয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রার্থী, ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবেন। এরপর দলের চেয়ারপারসনের পক্ষ থেকে মির্জা ফখরুল ধানের শীষের ছড়া মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খানের হাতে তুলে দেন। সাখাওয়াত এসময় ভোটাদের দোয়া ও ভোট চান।
এছাড়া চাষাড়ায় গণসংযোগের সময় ফখরুল ভোটের পরিবেশ সম্পর্কে ভোটারদের কাছে জানতে চান। ভোটারদের কথা শোনার পর তিনি নির্বাচনে সেনা মোতায়েন দাবি ফের তুলে ধরেন। আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠেয় এ নির্বাচনে মেয়র পদে বিএনপির অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভীসহ সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ১৫৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৭ জন লড়ছেন।

Be the first to comment on "সাখাওয়াতের গণসংযোগে জোট নেতাদের নিয়ে ফখরুল"