নিউজ ডেস্ক : নিভতে না নিভতে মাত্র চার দিনের ব্যবধানে আবারও সোমবার পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধান সাগর স্টেশনের নাংলি ফরেষ্ট ক্যাম্প এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। মাত্র বিশ দিনের মধ্যে তৃতীয় দফায় এ অগ্নিকান্ডের সূত্রপাত হয় এদিন সকাল ১০টার দিকে। আগুন নিয়ন্ত্রণে বন বিভাগ ও ফায়ার সার্ভিস কয়েশ’ স্থানীয়দের নিয়ে কাজ শুরু করে।
পূর্ব বনসুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম আগুন লাগার খবর নিশ্চিত করে বলেন, গত ১৩ এপ্রিল আগুন লাগার ঘটনায় স্থানীয় ৬ ব্যাক্তিকে সনাক্ত করে মামলা করায় তারা নাশকতার উদ্দেশে পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দিয়েছে। তবে ৫ ঘন্টা চেষ্টার পর এদিন বিকেলে আগুন নিভে গেছে বলে তিনি উল্লেখ করেন।
সুন্দরবন খুলনা অঞ্চলের বন সংরক্ষক মো. জহির উদ্দিন আহম্মেদ বলেন, ফের বনে আগুন লাগার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়েছে।
গত ২৭ মার্চ এবং ১৩ এপ্রিল সুন্দরবনের একই এলাকায় অগ্নিকান্ডে নাংলি, আব্দুল্লার ছিলা, পঁচাকুড়ালিয়া ও নাপিতখালী এলাকার প্রায় ১০ একর বনভুমি পুড়ে যায়।
সুন্দরবনে আবারও আগুন

Be the first to comment on "সুন্দরবনে আবারও আগুন"