শিরোনাম

সুপ্রিম কোর্টের ‘মূর্তি’ অপসারণে হেফাজতের স্মারকলিপি

নিউজ ডেস্ক : সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত ভাস্কর্যকে ‘গ্রিক দেবির মূর্তি’ আখ্যায়িত করে তা অপসারণের দাবিতে স্মারকলিপি দিয়েছে কওমী মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে সংগঠনটির একটি প্রতিনিধি দল এ স্মারকলিপি প্রদান করে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার অফিসের পক্ষ থেকে মাজার গেট এলাকা থেকে তা গ্রহণ করা হয়।
সুপ্রিম কোর্টের মূল ভবনের সামনে অবস্থিত ফোয়ারায় গত ডিসেম্বর মাসে এই ভাস্কর্য স্থাপন করা হয়। ভাস্কর্যটি নির্মাণ করছেন ভাস্কর মৃণাল হক। ভাস্কর্যটি একজন নারীর। ডান হাতে তলোয়ার বাম হাতে দাঁড়িপাল্লা নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। তলোয়ারটি নিচের দিকে নামানো আর দাঁড়িপাল্লা উপরে ধারণ করে আছেন তিনি।
এই ভাস্কর্য স্থাপনের পর থেকেই বিভিন্ন ইসলামী সংগঠন সর্বোচ্চ আদালত থেকে তা অপসারণের দাবি জানিয়ে আসছে। এ লক্ষ্যে তারা স্মারকলিপি ও বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে।
তবে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার অফিসকে দ্বিতীয়বারের মতো দেওয়া হলো এই স্মারকলিপি। এর আগে গত ২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ও জাতীয় ঈদগাহ ময়দানের পাশ থেকে ‘গ্রিক দেবীর মূর্তি’ অপসারণের জন্য আবেদন করেন আওয়ামী ওলামা লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা কাজী মোহাম্মদ আবুল হাসান শেখ শরিয়তপুরী।
হেফাজতের স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্টে সম্প্রতি ন্যায় বিচারের প্রতীক হিসেবে গ্রিক দেবির মূর্তি স্থাপনে বাংলাদেশের আপামর জনগণ বিস্মিত হয়েছেন। এই মূর্তি স্থাপন সংবিধানের ১২ ও ২৩ অনুচ্ছেদের পরিপন্থী।
এতে আরও উল্লেখ করা হয়, ১৯৪৮ ইং সালে এই কোর্ট স্থাপিত হয়। ন্যায়বিচারের প্রতীক হিসেবে ছিল ‘দাঁড়িপাল্লা’। বিগত ৬৮ বছর ধরে কেউ এর বিরুদ্ধে কোন প্রতিবাদ করেনি। ৬৮ বছর পর হঠাৎ করে ন্যায়বিচারের প্রতীক হিসেবে দাঁড়িপাল্লার জায়গায় গ্রিক দেবির মূর্তি স্থাপন করে কী ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাচ্ছে, সেটা জনগণের কাছে বোধগম্য নয়। তাহলে কী বিগত ৬৮ বছর সুপ্রিম কোর্টে ন্যায়বিচার হয়নি?

basic-bank

Be the first to comment on "সুপ্রিম কোর্টের ‘মূর্তি’ অপসারণে হেফাজতের স্মারকলিপি"

Leave a comment

Your email address will not be published.


*