নিউজ ডেস্ক : রাজধানীর মতিঝিল থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলার অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। একই সঙ্গে এই মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ ৬৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা ওই মামলার অভিযোগপত্র আমলে নিয়ে ৬৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আদালত সূত্র জানায়, গত বছর ফেব্রুয়ারি মাসে মামলাটি করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার আরেক মামলায় সেলিমা রহমানসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার মহানগর হাকিম খোরশেদ আলম। পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে করা এই মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান, বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান, বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।
জানা গেছে, ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি মুগদা এলাকায় পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে মুগদা থানার পুলিশ ওই মামলাটি করে। গত বছর ৮ জুলাই মুগদা থানার পুলিশ ৩১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

Be the first to comment on "সেলিমা রহমানসহ ৬৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা"