নিউজ ডেস্ক : জয়ললিতার ক্যারিয়ার শুরু হয় অভিনেত্রী হিসেবে। ১৬ বছর বয়সে।
এছাড়া তিনি ক্লাসিকাল মিউজ়িক, ওয়েস্টার্ন ক্লাসিকাল পিয়ানো, ভরতনাট্যম, মণিপুরি, কত্থকের মতো ক্লাসিকাল ডান্সও শিখেছেন।
ছয়ের দশকে তিনি কন্নড় ছবি শ্রী শালিয়া মহাত্মে দিয়ে ক্যারিয়ার শুরু করেন। সেখানে তিনি ছিলেন শিশুশিল্পী। ছবিতে অভিনয় করেছিলেন রাজকুমার ও কৃষ্ণা কুমারি। ততদিনে তিনি ডান্সার হিসেবে খ্যাতি অর্জন করেছেন। ১৯৬০ সালে রসিকা রঞ্জনী সভায় তিনি পারফর্ম করেন তিনি। শ্রী শালিয়া মহাত্মে ছবির সেটে তাঁকে নিয়ে গিয়েছিলেন তাঁর মা। সেখানে বসে শুটিং দেখছিলেন জয়ললিতা। সেখানে দেবী পার্বতীর চরিত্র নিয়ে সমস্যা তৈরি হয়। ছবির প্রযোজক ও পরিচালক জয়ললিতার মাকে জিজ্ঞাসা করেন, জয়ললিতা সেই পার্টটিতে কাজ করবেন কি না। না করেননি জয়ললিতার মা সন্ধ্যা। সেই শুরু।
হিন্দি ছবি মনমৌজিতে তিনি তিন মিনিটের একটি ছোট্ট দৃশ্যে কৃষ্ণার চরিত্রে নাচ করেছিলেন। এরপরই নাটকে অভিনয় শুরু করেন জয়ললিতা। ওয়াই জি পার্থসারথী একটি নাটকের দল চালাতেন। সেই দলে যোগ দেন জয়ললিতা। ১৯৬০ থেকে ১৯৬৪-এর মধ্যে Tea House of the August Moon ও Undersecretary-র মতো কিছু নাটকে তিনি অভিনয় করেন। এরপর ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট ভি ভি গিরি জয়ললিতাকে The Epistle ছবিতে কাস্ট করতে চান। তখন থেকেই পাকাপাকিভাবে সেলুলয়েডের দুনিয়ায় প্রবেশ জয়ললিতার।
১৯৬৪ সালে সন্ধ্যা একটি তামিল ছবিতে অভিনয় করছিলেন। সেখানে অভিনয় করেছিলেন জয়ললিতা। কিন্তু ততদিনে তিনি প্রথম ছবিতে শেখা অভিনয় অনেকটাই ভুলে গেছেন। ফলে তাঁর ক্লাশ শুরু হল স্টেলা ম্যারিসের কাছে। ছবির পরিচালক বি আর পান্থুলু দু’মাসের মধ্যে জয়ললিতার কাজ শেষ করে দিয়েছিলেন। কারণ সন্ধ্যা চাননি ছবির কারণে মেয়ের পড়াশোনায় কোনও ক্ষতি হোক।
ওই বছরই হিরোইন হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। তাঁর ডেবিউ ফিল্ম ছিল ভেনিরা আদাই। ফিল্মমেকার শ্রীধর তাঁকে এই ছবিতে সুযোগ দেন। তখন তাঁর বয়স ১৬। ১৯৬৫ সালে কে বালাচন্দর ও মেজর চন্দ্রকান্তের সঙ্গে কাজ করেন তিনি। তাঁর সোলো পারফর্ম্যান্স ছিল “ওরু নাল ইয়ারো” গানে। সেটি তখন চার্টবাস্টারে ছিল প্রথম সারিতে।
ছবিতে অভিনয় শুরু করলেও নাটকের কাজ ছেড়ে দেননি জয়ললিতা। মালাথি নামে একটি নাটকের ৩৫টি শো করেছিলেন তিনি। চলচ্চিত্রেও তিনি ততদিনে হিট ছবি দিতে শুরু করেছেন। ১৯৬৮ সালে তিনি ধর্মেন্দ্রর বিপরীতে একটি ছবি করেন। নাম ইজ্জ়ত। ১৯৬৫ থেকে ১৯৭৩-র মধ্যে তিনি ২৮টি বক্স অফিস হিট ছবি উপহার দেন। জয়শংকর ও তিনি অনেক ছবিতে রোম্যান্টিক কাপল হিসেবে অভিনয় করেছেন। রবিচন্দ্রনের সঙ্গে ১০টি তামিল হিট উপহার দিয়েছেন তিনি। তাঁর অভিনীত ছবি পাট্টানামা জাতীয় পুরস্কার জিতেছিল।
জয়ললিতা কিন্তু অভিনয় বা রাজনীতি, কোনওটাই করতে চাননি। কিন্তু তাঁকে ওই দুই রাস্তায় ঠেলে পাঠানো হয়েছিল। জয়ললিতা একবার বলেছিলেন, “আমি রাজনীতি পছন্দ করি না। আমি পার্টির প্রতি আমার কর্তব্য পালন করছি। দুটি পেশায় আমাকে ঠেলে পাঠানো হয়, যেগুলো আমি উপভোগ করিনি। ”
দক্ষিণের প্রায় ১৬০টি ছবিতে কাজ করেন জয়ললিতা। এর মধ্যে তামিল ছবির সংখ্যাই ছিল বেশি। এম জি আর, শিবাজি, জয় শংকর, মুত্থুরামন, জেমিনি গণেশনের মতো মানুষের সঙ্গে কাজ করেছেন তিনি। তেলেগু ছবিতে তিনি নাগশ্বর রাওয়ের সঙ্গে কাজ করেন। এছাড়া মালায়ালাম ও কন্নড় ছবিতেও কাজ করেছেন তিনি।

Be the first to comment on "১৬ বছরে অভিনয় শুরু জয়ললিতার"