নিউজ ডেস্ক : বিশাখাপত্তনমে সিরিজের পঞ্চম তথা শেষ ওয়ানডেতে টসে জিতে ব্যাটিং করে সফরকারীদের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ জিতে নিল ভারত। লেগস্পিনার অমিত মিশ্রর ঘূর্ণিতে বিপর্যস্ত নিউজিল্যান্ড মাত্র ৭৯ রানেই অলআউট হয়ে যায়! এর ফলে ১৯০ রানের বিশাল জয়ে ৩-২ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল ধোনি বাহিনী।
সিরিজ নির্ধারণী ওয়ানডেতে বিশাখাপত্তনমের ব্যাটিং সহায়ক উইকেটে টসে জিতে ব্যাটিং নিতে কোন দ্বিধা ছিল না ধোনির। শুরুটাও ভালই হয়েছিল। দারুণ ব্যাট করছিলেন দুই ওপেনার আজিঙ্কা রেহানে এবং রোহিত শর্মা। জুটিতে ৪০ রান আসার পর ব্যক্তিগত ২০ রানে বিদায় নেন রেহানে। তারপর বিরাট কোহলির সঙ্গে জুটি জমিয় তুলেন রোহিত। গড়েন ৭৯ রানের একটি পার্টনারশিপ। তবে ২২তম ওভারের শেষ বলে টেন্ট বোল্টের শিকারে পরিণত হন রোহিত। দলীয় রান তখন ১১৯ এবং রোহিত করে ফেলেছেন ৬৫ বলে ৫ চার এবং ৩ ছক্কায় ৭০ রান।
রোহিতের বিদায়ের পর কোহলির সঙ্গী হিসেবে ক্রিজে আসেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কোহলি(৬৫) এবং ধোনি(৪১) রানে আউট হলে কেদার যাদবের ৩৯ এবং অক্ষয় প্যাটেলের ২৪ রানে ৬ উইকেটে ২৬৯ রান সংগ্রহ করে ভারত।
জবাবে ব্যাট করতে নেমে রানের খাতা না খুলতেই হারায় গাপটিলকে। এরপর দ্রুত উইকেট পতনের ফলে খেই হারিয়ে ফেলে গত ম্যাচে দাপট দেখানো উইলিয়ামসন বাহিনী। ল্যাথাম(১৯), উইলিয়ামসন(২৭) আর টেইলর(১৯) ছাড়া কেউ দুই অংক স্পর্শ করতে পারেননি। অমিত মিশ্র ৬ ওভার বল করে ২ মেডেনসহ ১৮ রান দিয়ে তুলে নেন পাঁচ উইকেট। অক্ষয় প্যাটেল নেন ২ উইকেট। বাকী তিন বোলার ১ উইকেট করে নেন।

Be the first to comment on "কিউইদের লজ্জায় ডুবিয়ে সিরিজ জিতল ভারত!"