নিউজ ডেস্ক : বছরের প্রথম দিনটি জয় দিয়ে স্মরণীয় করে রাখল ইংলিশ জায়ান্ট আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে দলটি।
অ্যামিরেটস স্টেডিয়ামে রবিবার অনুষ্ঠিত ম্যাচের দুই অর্ধে একটি করে গোল করে আর্সেনালের দুই ফুটবলার অলিভিয়ে জিরুদ এবং আলেক্স আইওবি। লিগে টানা ৪ ম্যাচ জয়শূন্য থেকে খেলতে নামা ক্রিস্টাল প্যালেসকে শুরু থেকেই চেপে ধরে স্বাগতিকরা। সাফল্য পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ১৭ তম মিনিটে অ্যালেক্সিস সানচেসের ক্রসে ফরাসি ফরোয়ার্ড জিরুদ অবিশ্বাস্যভাবে পিছনের পায়ের টোকায় বল নিজের মাথার উপরে দিয়ে লক্ষ্যে পাঠিয়ে দেন, বল ক্রসবারে লেগে ভিতরে ঢোকে।
প্রথমার্ধের বাকি সময়ে কোনোমতে আর্সেনালকে ঠেকিয়ে রাখে স্যাম অ্যালারডাইসের শিষ্যরা। এরপর দ্বিতীয়ার্ধের শুরু থেকেও অতিথিদের রক্ষণে চাপ সৃষ্টি করে আর্সেনাল। এবার সাফল্য আসে আরও দ্রুত। ৫৬তম মিনিটে নাচো মনরিলের ক্রসে নাইজেরিয়ান উইঙ্গার আইওবির হেড প্রতিপক্ষের এক জনের মাথা ছুঁয়ে জালে জড়ায়। এই জয়ে ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠল ভেঙ্গারের শিষ্যরা।

Be the first to comment on "জয় দিয়ে নতুন বছর শুরু আর্সেনালের"