নিউজ ডেস্ক : মেয়েদের বিশ্বকাপে অংশ নিতে হলে বাছাই পর্বের বাধা টপকাতে হবে রুমানা-সালমাদের। কিছুদিন আগে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে বিধ্বস্ত হওয়া টাইগ্রেসরা সেই বাছাই পর্বে অংশ নিতে শ্রীলঙ্কা যাচ্ছে।
আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দেবে রুমানা বাহিনী।
১০টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ বাছাই পর্ব। ৫টি করে দল নিয়ে গঠন করা হয়েছে ২টি গ্রুপ। প্রতিটি দল ৪টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এর মধ্যে প্রতি গ্রুপ থেকে সেরা ৩ দল খেলবে সুপার সিক্স। তারা সরাসরি ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০১৭ প্রমিলা বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ মাঠে নামবে ৮ ফেব্রুয়ারি। এর আগে অবশ্য ৫ তারিখ আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ।
টাইগ্রেস অধিনায়ক রুমানা আহমেদ প্রত্যাশা ব্যক্ত করে বলেন, “এটা গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট। আগে থেকেই চেষ্টা করছি শেষ ছয়ে খেলার। বিশ্বকাপের মূল পর্বে খেলার এটাই আমাদের সেরা সুযোগ। ”
এ ছাড়া বাংলাদেশ অধিনায়ক জানালেন, প্রতিটি ম্যাচে প্রতিপক্ষদের নিয়ে তাদের আলাদা পরিকল্পনা আছে। ব্যাটিং দুর্বলতা এ ক্ষেত্রে বড় কোনো বাধা হয়ে দাঁড়াবে না বলেই মত তার। মেয়েরা দিন দিন উন্নতি করছে। বাছাই পর্ব থেকে ভালো কিছু নিয়েই ফিরবে।

Be the first to comment on "বিশ্বকাপ বাছাই পর্বে অংশ নিতে শ্রীলঙ্কা যাচ্ছে টাইগ্রেসরা"