নিউজ ডেস্ক : জামালপুর – মেলান্দহ সড়কের ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিধান দে রানা (৩৬) নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন রিপন দাস চিকু (৩৫) নামে অপর একজন।
আজ বৃহস্পতিবার সকালে কোনা মালঞ্চা গাঙপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিধান দে রানা জামালপুর শহরের বোষপাড়া এলাকার মলিন চন্দ্র দে’র ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে ঠিকাদারি কাজে দেওয়ানগঞ্জের উদ্দেশে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বের হন বিধান। তাঁর সঙ্গে ছিলেন তাঁর বন্ধু একই এলাকার বাসিন্দা রিপন দাস চিকু। তারা মেলান্দহের মালঞ্চা গাঙপাড়া এলাকায় পৌঁছালে একটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তাঁরা দুজনই গুরুতর আহত হন। এলাকাবাসী তাঁদেরকে উদ্ধার করে জামালপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বিধানকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসীর অভিযোগ, ঘাতক ভটভটিটি স্থানীয় ইটভাটার মালামাল আনা নেওয়ার কাজে ব্যবহার হচ্ছিল। দুর্ঘটনার পর চালক ভটভটি নিয়ে দ্রুত স্থানীয় ইটভাটায় চলে যায়। মেলান্দহ থানার ওসি মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Be the first to comment on "জামালপুরে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত"