শিরোনাম

ডিএনসিসি মার্কেট আত্মসাৎ করতে পরিকল্পিত আগুন লাগানো হয়েছে: রিজভী

নিউজ ডেস্ক : গুলশানের ডিএনসিসি মার্কেটটি আত্মসাৎ করার জন্য পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, সরকার এক চোখা নীতিতে চলছে। এ কারণেই আওয়ামী কোনো অনুষ্ঠান করলে ডিএমপি অনুমতি দেয়। কিন্তু বিএনপি কোন কর্মসূচি পালন করতে গেলেই যত সমস্যা তৈরি করে।

আগুন লাগানোর ঘটনা একটি নাশকতা অভিযোগ করে তিনি বলেন,  ডিএনসিসি মার্কেটটি সম্পূর্ণরুপে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। শত শত দোকান মালিক ও ব্যবসায়ীরা তাদের কোটি কোটি টাকার ব্যবসা হারিয়ে এখন নি:স্ব হয়ে পথে বসেছেন। তিনি বলেন, গোটা দেশের মালিক হওয়ার জন্যই শাসকদল দেশবাসীর সম্পত্তি গ্রাস করে নিতে চাচ্ছে। আমরা অবিলম্বে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রয়োজনীয় ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি।

রিজভী বলেন, সকল মহলের দাবিকে পাশ কাটিয়ে এবং কোন প্রকার তদন্তের পূর্বেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র বললেন আগুন লাগার ঘটনা নাশকতা নয়, এটি একটি দুর্ঘটনা। অবশ্য পরে তিনি এই বক্তব্য প্রত্যাহার করে নেন। কোন ঘটনা বা দুর্ঘটনা ঘটলেই প্রধানমন্ত্রীসহ ক্ষমতাসীন দলের নেতা ও প্রশাসনের দলীয় কর্মকর্তারা উদ্ভট আগাম মন্তব্য করে তদন্তকে বাধাগ্রস্ত করতে প্রভাব বিস্তার একটি রেওয়াজে পরিণত করে ফেলেছে। তারা এভাবে অশুভ পরিকল্পনা বাস্তবায়ন করতে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেন।

রিজভী বলেন, সরকারি দলের সাংসদ মনজুরুল ইসলাম লিটন হত্যার দায় তদন্ত ছাড়াই সরকারের তরফ থেকে বিরোধীদলের উপর চাপানোর চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, লিটনের ভাই ও স্ত্রীর কথায় অন্য কিছু বোঝাচ্ছে। কিন্তু তদন্ত ছাড়াই সরকার বিরোধীদলের উপর দোষারোপ করাতে চাচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম, দলের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, এম এ মালেক, আবদুস সালাম আজাদ, আসাদুল করীম শাহিন, মুনির হোসেন, সুলতানা আহমেদ, হাফেজ আবদুল মালেক প্রমুখ।

basic-bank

Be the first to comment on "ডিএনসিসি মার্কেট আত্মসাৎ করতে পরিকল্পিত আগুন লাগানো হয়েছে: রিজভী"

Leave a comment

Your email address will not be published.


*