শিরোনাম

শীতলক্ষ্যা নদীতে মিলল বিলাসবহুল টয়োটা প্রাডো

নিউজ ডেস্ক : সাম্প্রতিক কোনো দুর্ঘটনার কথাও শোনেনি এলাকাবাসী। অথচ রাস্তার পাশের নদীতে ডুবুডুবু অবস্থায় পাওয়া গেল প্রায় কোটি টাকা মূল্যের একটি টয়োটা গাড়ি। গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কাপাসিয়া উপজেলার দস্যুনারায়ণপুর এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে ওই গাড়িটি উদ্ধার করে পুলিশ।

চুরি করে ধরা পড়ার ভয়ে চোরের দল গাড়িটি নদীতে ফেলে যেতে পারে অথবা অন্য কোনো অপরাধ লুকাতেও কেউ ফেলে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে গাড়ির নম্বর (ঢাকা মেট্রো-ঘ-১১-২০২৯) ধরে মালিককে খুঁজে পাওয়া গেলে রহস্য উদ্ঘাটিত হবে বলে জানিয়েছে পুলিশ।

গ্রামবাসী জানায়, নদীর পাড়ঘেঁষা শ্রীপুর-কাপাসিয়া সড়ক। গতকাল দুপুর প্রায় ১২টার দিকে কয়েকজন পথচারী প্রায় ডুবে থাকা গাড়িটি দেখতে পায়। প্রত্যক্ষদর্শী দস্যুনারায়ণপুর গ্রামের জাহাঙ্গীর আলম জানান, পথচারীরা নদীতে তাঁকে গাড়িটি দেখান। পরে খবর ছড়িয়ে পড়লে উত্সুক মানুষের ভিড় লাগে।

কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) দুলাল মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে গাড়িটি তুলে আনে। দুলাল মিয়া আরো জানান, গাড়ির চাবিটিও স্টিয়ারিংয়ে ছিল। উদ্ধারের পর গাড়িটি চালু করা যায়নি। গতকাল রাত ৯টা পর্যন্ত পাড়েই ফেলা রাখা ছিল গাড়িটি।

গ্রামের কৃষক বাদল সরকার জানান, পাশেই তাঁর মাছের ঘের রয়েছে। গত বুধবার সেখানে গেলেও তাঁর চোখে পড়েনি গাড়িটি। তিনি আরো বলেন, ‘বুধবার রাতে কে বা কারা গাড়িটি ফেলে গেছে নদীতে। ’

কাপাসিয়া থানার পরিদর্শক আবু বকর সিদ্দিক বলেন, ‘ধরা পড়ার ভয়ে চোরের দল গাড়িটি নদীতে ফেলে যেতে পারে। কিংবা বড় কোনো অপরাধের আলামত বিনষ্টের ব্যর্থ চেষ্টাও হতে পারে কোনো অপরাধীচক্রের। তদন্তে বিষয়টি বেরিয়ে আসবে। ’

basic-bank

Be the first to comment on "শীতলক্ষ্যা নদীতে মিলল বিলাসবহুল টয়োটা প্রাডো"

Leave a comment

Your email address will not be published.


*