শিরোনাম

শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মাহবুব

নিউজ ডেস্ক : আগামী সংসদ নির্বাচনে বিএনপি অবশ্যই অংশগ্রহণ করবে। তবে শেখ হাসিনার অধীনে নয়। শনিবার (১১ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন এবং সংগঠনটির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এখানে খন্দকার মাহবুব বলেন, ২০১৯ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। তবে শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধান থাকলে তাতে বিএনপি অংশ নেবে না এবং নির্বাচনও হতে দেওয়া হবে না।

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির এই আইনজীবি নেতা বলেন, সরকারের অত্যাচারের কারণে দেশের মানুষ ধৈর্য্যের শেষ পর্যায়ে চলে এসেছে। আগামী দিনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার যে কোনও আন্দোলনের ডাকে সাড়া দিয়ে তারা এই অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। সভায় বিএনপির আরেক ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আগামী সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিতে চায়, তবে বিতর্কিত সরকার প্রধান শেখ হাসিনার অধীনে নয়। আমাদের কি এমন দায় পড়েছে তার অধীনে নির্বাচনে যেতে হবে?

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদকে ইঙ্গিত করে দুদু বলেন, একজন ছিলেন বেহায়া রাষ্ট্রপতি। আর বর্তমান প্রধানমন্ত্রী লজ্জাহীন। আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মাদ সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম-মহাসচিব মুজিবুর রহমান সরোয়ার, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, বীরউত্তম শহীদ জিয়া পরিষদের সভাপতি কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।

basic-bank

Be the first to comment on "শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মাহবুব"

Leave a comment

Your email address will not be published.


*