নিজস্ব প্রতিবেদক : একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর সাজা পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায়ের কপি কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে। সোমবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি প্রতিনিধি দল রায়ের অনুলিপি নিয়ে কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়।
এরআগে সন্ধ্যা সাড়ে ৬টার কিছু আগে ট্রাইব্যুনাল থেকে ঢাকা মেট্রো-চ ৫৮-৮১২১ নম্বরের একটি গাড়িতে রায়ের অনুলিপি নিয়ে কারাগারের উদ্দেশ্যে রওয়ানা হন তারা। দুপুরের দিকে পূর্ণাঙ্গ রায়ে বিচারকদের সইয়ের পর বিকেলে ট্রাইব্যুনালে পৌঁছায় ওই রায়। সেখানে আনুষ্ঠানিকতা শেষে রায়ের এই অনুলিপি পৌঁছে দেয়া হলো কেন্দ্রীয় কারাগারে। রায়ের অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও জেলা প্রশাসকের কার্যালয়েও পৌঁছে দেয়া হয়।
গেল বৃহস্পতিবার নিজামীর রিভিউ আবেদন খারিজ হয়ে যাওয়ার পর ফাঁসির দণ্ড থেকে বাঁচতে মানবতাবিরোধী এ অপরাধীর সামনে এখন খোলা একটিই মাত্র পথ- তা হলো রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা। নিজামী রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার পর, যদি ক্ষমা না পান তবে আইন অনুযায়ী সরকারের সিদ্ধান্ত অনুসারে যেকোনো সময় ফাঁসির রায় কার্যকর করতে পারবে কারা কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার নিজামীর রিভিউ আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। ওই রায়ের মধ্যে দিয়ে তার আইনি লড়াই শেষ হয়। বিএনপি-জামায়াত জোট সরকারের মন্ত্রী নিজামীকে গতরাতে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।
সোমবার বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, নিজামীর দণ্ড কার্যকর এখন সরকারের বিষয়। সরকার নির্ধারিত সময়ে কারা কর্তৃপক্ষ তা কার্যকর করবে।
কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে রায়ের কপি

Be the first to comment on "কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে রায়ের কপি"