শিরোনাম

অভিনেতা ফখরুল হাসান বৈরাগী নিখোঁজ?

নিউজ ডেস্ক : প্রবীণ অভিনেতা ফখরুল হাসান বৈরাগী নাটক, সিনেমা, বিজ্ঞাপন এবং টিভি অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে সারাদেশে পরিচিত এবং তুমুল জনপ্রিয়। কিন্তু গত ১০ দিন ধরে নাকি এই রসিক অভিনেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার সন্ধান চেয়ে পোস্টও দেওয়া হয়েছে।

একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেইজে ফখরুল হাসানের ছেলের পক্ষে একটি পোস্ট শেয়ার করা হয়েছে। পোস্টে লেখা আছে-

“জনপ্রিয় টিভি অভিনেতা, বিশিষ্ট পরিচালক, জাতীয় বেতার শিল্পী, বিখ্যাত নাট্যকার, ফখরুল হাসান বৈরাগী – আমার বাবা। গত ৭ই আগস্ট, ২০১৬ থেকে তিনি নিখোঁজ। বাসার দারোয়ানের কথা অনুযায়ী তিনি সেইদিন আনুমানিক ৯:২০ মিনিটে আমাকে কলেজে নামিয়ে আসার পর বাসায় গাড়িটি পার্ক করে দারোয়ানের কাছে চাবিটি দিয়ে বেড়িয়ে যায় এই বলে “তোমার খালাম্মাকে চাবিটা দিয়ে দিও”।
তিনি একই কাপড়ে বেড়িয়েছিলেন। তার পরনে ছিল সবুজ ফতুয়া ও কালো প্যান্ট। এই ঘটনার পর অতি সত্ত্বর পুলিশ থানায় জি.ডি. করা হয়। পুলিশ এই ব্যাপারে কর্মতৎপরতার অভাব ও অবহেলা দেখালে র‌্যাবের কাছে আবেদন করা হয়। র‌্যাবের কাছে যথেষ্ট তথ্য প্রদান সত্ত্বেও আজ পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। আমরা নিজেরাও জায়গায় জায়গায় খোঁজ-খবর নিয়েছি – মসজিদে, দোকান-পাটে, রাস্তা-ঘাটে, আত্মীয়-স্বজনের বাসায়, তার বন্ধু-বান্ধবের কাছে, সহকর্মীদের কাছে কিন্তু তবুও কোনো খোঁজ মেলেনি।
নিখোঁজ হবার পরের দিনই আমার মা ও আমার বোন হাতিরপুলে আমার দাদুর বাড়িতে খোঁজ নিতে যায়, যেহেতু আব্বু দাদুকে দেখবার ও সেখানকার কিছু বকেয়া কাজকর্ম সারবার ইচ্ছা প্রকাশ করেছিল। তবে সেখানে যাবার পর সাহায্যের বদলে বড় ও ছোট ফুফু আমার মা ও বোনকে মারধোর, কটূক্তি, বকাঝকা ও অত্যাচার করে বের করে দেয়। উপরন্তু ওই দিনই আমাদের পারিবারিক ডেভলাপারের এক লোকের সাথে এই ব্যাপারে আলাপ হলে তিনি সাহায্য করতে ইচ্ছুক হলেও পরবর্তীতে তিনি এড়িয়ে যান। তার কথানুযায়ী আব্বু তাকে ফোন দিয়েছে তবে তার কাছে সেই কলটির নম্বর চাওয়া হলে তিনি নম্বরটি হারানোর বাহানা ধরে এড়িয়ে যান। এই দুই ঘটনাই একই সাথে কৌতূহলোদ্দীপক ও সন্দেহজনক।
অতএব, আমরা নিরুপায় হয়ে আজ আপনাদের সাহায্য চাচ্ছি। যদি তাকে ৭ই আগস্ট, ২০১৬ এর পর কোথাও দেখে থাকেন দোকানে, রাস্তায়, গাড়িতে, রিক্সায় যেখানেই হোক, যে কারও সাথেই হোক, যে অবস্থাতেই হোক দয়া করে প্রদত্ত ফোন নম্বরে আমাদের জানাবেন। আমাদের আশার পথ ফুরিয়ে যাচ্ছে, আমরা আমাদের এই অসহায় মুহূর্তে আপনাদের সাহায্যে আমরা অত্যন্ত ঋণী থাকবো। আমার বাবা, আমার মার জীবনসঙ্গীকে ফিরিয়ে আনতে সাহায্য করুন। যোগাযোগ: ০১৯৬২৭৫৯৯৯৩।
এরপরে বিষয়টিকে কেউ যাতে হাসি ঠাট্টার বিষয়ে পরিণত না করে সেজন্য অনুরোধ করা হয়েছে। এটাও বলা হয়েছে যে, এই পোস্টটি মোটেও স্প্যাম নয়।

ফখরুল হাসান বৈরাগীর পরিবার সূত্রে জানা যায়, ২৯ বছরের সুখী সুন্দর সংসার জীবন এই অভিনেতার। এই প্রথমবারের মত তাকে ছাড়াই ঈদ করতে হয়েছে পরিবারের সদস্যদের। কেউ তাদের খোঁজ খবর নেয়নি। এমতাবস্থায় তারা বেশ অসহায় বোধ করছেন। আরেকটি সূত্রে জানা গেছে, ফখরুল হাসান বৈরাগীর হজে যাওয়ার কথা ছিল। কাউকে না বলে তিনি হজে গেছেন কিনা তাও নিশ্চিত নয়। সব মিলিয়ে খুব দুঃশ্চিন্তায় কাটছে পরিবারের সদস্যদের জীবন। ফখরুল হাসানের সন্ধান পেতে তারা মিডিয়াসহ দেশবাসীর সহযোগিতা চেয়েছেন।

basic-bank

Be the first to comment on "অভিনেতা ফখরুল হাসান বৈরাগী নিখোঁজ?"

Leave a comment

Your email address will not be published.


*