নিউজ ডেস্ক : চীনা নাগরিক চিং হি সঙ (৪৫) কে আর্থিক বিরোধের জের ধরে খুন করা হয়েছে বলে মনে করছে যশোরের পুলিশ। তাকে প্রথমে রড দিয়ে পিটিয়ে ও পরে ব্লেড দিয়ে কেটে হত্যা করে লাশ বস্তায় ভরে রেখে দেয় খুনিরা।
আর নিহত চীনা নাগরিকের গাড়িচালক মামুন জানান, গাড়ির বিল হিসেবে অতিরিক্ত ৫০০ টাকা দিতে রাজি না হওয়ায় চিং হি সঙকে হত্যা করেছে গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি। আজ বৃহস্পতিবার সকালে যশোর উপশহরের মহিলা কলেজের পাশে সেক্টর নম্বর ২, বাড়ি নম্বর ৩৪ থেকে চীনা নাগরিকের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি মূলত চীন থেকে ইজিবাইকের ব্যাটারি আমদানি করে এ অঞ্চলে ব্যবসা করতেন। এই খুনের ঘটনায় চীনা নাগরিকের দুই সহকারী নাজমুল হাসান পারভেজ (২৬) ও তার ভাইপো মুক্তাদির রহমানকে (২০) আটক করেছে পুলিশ।
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে ফরিদা ভিলা নামের তিনতলা বাড়িটির নিচতলায় চীনা নাগরিক চিং হি সঙকে টাকার জন্যে তার সহকারী নাজমুল ও নাজমুলের ভাইপো মুক্তাদির রড বা লোহার পাইপ জাতীয় কোনো বস্তু দিয়ে মাথায় আঘাত ও পিটিয়ে হত্যা করে। ব্লেড দিয়ে দেহ কাটে। বস্তায় ভরে লাশ টয়লেটে রেখে দেয়। এরপর তার মোবাইল ফোন সেট নিজেদের কাছে অফ করে রেখে দেয়। পুলিশ সুপার জানান, নিহতের স্ত্রী ঢাকায় থাকেন। তিনি রাতে কয়েকদফা ফোন করেও চিং হি সঙকে না পেয়ে নাজমুলকে ফোন দেন। তখন নাজমুল জানায়, স্যারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে সময় তার স্ত্রী বিষয়টি থানায় অবহিত করতে বলেন।
পুলিশ জানায়, গভীর রাতে নাজমুল কোতোয়ালি থানায় এ বিষয়ে জানাতে গেলে পুলিশ তাকেই সন্দেহ করে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী মুক্তাদিরকে আটক করা হয়। তারাই পুলিশকে খুনের বিষয়টি জানায়। আটক দুজনের বাড়ি নেত্রকোনা সদরের চকপাড়া এলাকায়। রাত থেকেই ওই বাড়িটি পুলিশের নজরদারিতে ছিল। এদিকে, সকালে যশোরের পুলিশ সুপার, কোতোয়ালি থানার ওসি, পিবিআই এবং সিআইডি কর্মকর্তারা ঘটনাস্থল নিজেদের নিয়ন্ত্রণে নেন।

Be the first to comment on "টাকার জন্য খুন করা হয়েছে চীনা নাগরিককে!"