নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর দন্ড থেকে খালাস চেয়ে করা রিভিউ আবেদনের উপর শুনানি মঙ্গলবার। সোমবার বিকেল সুপ্রীমর্কোটের কার্যতালিকার ৪ নম্বরে মামলাটি রাখা হয়েছে। ১০ এপ্রিল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন বেঞ্চ এ দিন ধার্য করেন। নিজামীর আইনজীবী এ্যাড. খন্দকার মাহবুব হোসেন ব্যক্তিগত অসুবিধার কারণে সময় চেয়ে আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের আপীল বিভাগের বেঞ্চ এ দিন ধার্য করে আদেশ দেন। গত ২৯ মার্চ সুপ্রীমকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবীরা রিভিউ আবেদন করেন। ৭০ পৃষ্ঠার মূল রিভিউর আবেদনের সঙ্গে মোট ২২৯ পৃষ্ঠার নথি পত্রে দন্ড থেকে খালাস চেয়ে ৪৬ টি যুক্তি (গ্রাউন্ড) তুলে ধরা হয়েছে। রিভিউ আবেদনে অ্যাডভোকেট অন রেকর্ড হলেন আইনজীবী অ্যাডভোকেট জয়নুলর আবেদীন তুহিন। রিভিউ আবেদন করার পরের দিন ৩০ মার্চ তা দ্রুত শুনানির জন্য আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। ওই দিনই এ আবেদনের শুনানি নিয়ে আপীল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন মির্জা হোসেইন হায়দারের আদালত। নিয়ম অনুযায়ী, রিভিউ নিষ্পত্তির আগে তার দন্ড কার্যকর করা যাবে না। আর রিভিউ খারিজ হয়ে গেলে সেই রায়ের অনুলিপি কারাগারে যাবে এবং কারা কর্তৃপক্ষ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আসামির ফাঁসি কার্যকর করবে।
এর আগে গত ১৫ মার্চ নিজামীর আপীলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। আইন অনুযায়ী পরোয়ানা শোনার পর থেকে নিজামী আপীল বিভাগের চূড়ান্ত পূর্ণাঙ্গ রায়ের রিভিউ আবেদন করতে পারবেন ১৫ দিনের মধ্যে, যার শেষ দিন ছিল ৩০ মার্চ। তাই নির্ধারিত ১৫ দিন সময় শেষ হওয়ার এক দিন আগেই নিজামীর রিভিউ আবেদন জমা দেন। গত ৬ জানুয়ারি বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনাকারী ও উস্কানিদাতাসহ মানবতাবিরোধী তিন অপরাধের দায়ে নিজামীর মৃত্যুদন্ডের রায় বহাল রাখেন আপীল বিভাগ। ওই দিন সংক্ষিপ্ত রায় দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে)সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপীল বেঞ্চ। অন্য বিচারপতিরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

Be the first to comment on "নিজামীর রিভিউ আবেদনের শুনানি মঙ্গলবার"