নিউজ ডেস্ক : উৎসাহ বোনাস কমানোর কারণে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বোনাস কমানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন (সিবিএ)। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক প্রাঙ্গণে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
এর আগে সোমবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় কর্মকর্তা-কর্মচারীদের বোনাস আগের বছরের তুলনায় কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের পাঁচগুণ উৎসাহ বোনাস পেয়ে আসছিলেন। কিন্তু সোমবারের পর্ষদ সভায় ২০১৫-১৬ অর্থবছরের জন্য চারগুণ বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, মুনাফার ওপর প্রতি অর্থবছরে কর্মকর্তা-কর্মচারীদের এ বোনাস দেওয়া হয়। অর্থবছরের হিসাব চূড়ান্ত হওয়ার আগে বিশেষ এ বোনাস দেওয়া হয়।
যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা জনকন্ঠকে বলেন, ‘অনেক বছর ধরেই বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের পাঁচগুণ বোনাস পেয়ে আসছেন। এটা অনেকটা বাংলাদেশ ব্যাংকের নিয়মে পরিণত হয়ে গিয়েছিল। তবে এবার বোনাস কিছুটা কমানোর সিদ্ধান্ত হয়েছে। এ কারণেই হয়তো কর্মকর্তা-কর্মচারীরা অসন্তুষ্ট হয়েছেন। সকালের দিকে কর্মকর্তাদের বিক্ষোভ থেকে এর প্রতিবাদে স্লোগান দিতে আমি শুনেছি।’ তিনি বলেন, ‘এ কথাও সত্য এবার বাংলাদেশ ব্যাংকের মুনাফা কিছুটা কম হয়েছে। তবে এ মুনাফা কম হওয়ার অর্থ দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ না। কেন্দ্রীয় ব্যাংকের মুনাফায় প্রভাব পড়ে সরকারের ব্যাংক ঋণ এবং বাজর থেকে অলস টাকা তুলে নেওয়ার ওপর।’

Be the first to comment on "বোনাস কমানোয় বাংলাদেশ ব্যাংকে অসন্তোষ"