নিউজ ডেস্ক : পরবর্তী বিশ্বকাপ আসর রাশিয়ায়। এই মহা ইভেন্টকে সামনে রেখে শুরু হচ্ছে বিশ্বকাপ বাছাই পর্ব। আর এই পর্ব উৎরাতে একই দিনে আবারো মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা।
বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। অন্যদিকে সকাল পৌনে ৭টায় কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।
সপ্তম রাউন্ড শেষে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচ শেষে উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডরের পয়েন্ট ১৩। এদিকে ব্রাজিল ও প্যারাগুয়ের পয়েন্ট ১২।
ব্রাজিল তাদের সর্বশেষ ম্যাচে ইকুয়েডরকে ৩-০ গোলে হারায়। দেশটির রাজধানী কিটোতে যেটি গত ৩৩ বছরে ব্রাজিলের প্রথম জয়।
এদিকে ভেনেজুয়ালের বিপক্ষে শেষ পাঁচ ম্যাচের চারটিই জিতেছে আর্জেন্টিনা। তবে মেসিকে ছাড়াই ভেনেজুয়েলের বিপক্ষে মাঠে নামতে হচ্ছে আর্জেন্টিনাকে। তার একমাত্র গোলেই সর্বশেষ ম্যাচে উরুগুয়েকে হারিয়েছিল আর্জেন্টিনা।
সেই ম্যাচেই আগের কুঁচকির চোট নতুন করে পেয়ে বসেন মেসি। ঝুঁকি এড়াতে ভেনেজুয়েলার বিপক্ষে মেসিকে না খেলানোর সিদ্ধান্তের কথা আগেই নিশ্চিত করেন আর্জেন্টিনার কোচ এদগার্দো বাউজা।
এদিকে নেইমারদের কলম্বিয়ার বিপক্ষে কঠিন পরীক্ষাই দিতে হবে। দুই দলের সবশেষ ম্যাচে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে গিয়েছিল ব্রাজিল।

Be the first to comment on "ভোরে নামছে আর্জেন্টিনা, সকালে ব্রাজিল"