নিউজ ডেস্ক : ঢাকার অদূরে আশুলিয়ায় সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের ঘটনায় জড়িত অভিযোগে পুলিশের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি অভিনেতা এ আর মন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে রাজধানীর উত্তরার একটি শপিংমলের সামনে থেকে উত্তরা থানা পুলিশের সহযোগিতায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি এফ এম সায়েদ বলেন, “গত ডিসেম্বরে আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় অভিনেতা মন্টুকে আসামি করা হয়। তাঁকে রাতে গ্রেপ্তার করার পর ঢাকা জেলা (উত্তর) ডিবি কার্যলয়ে আনা হয়। তাঁর বিরুদ্ধে ঝুট ব্যবসা দখল ও নিয়ন্ত্রণসহ আশুলিয়া থানায় আরো কয়েকটি অভিযোগ রয়েছে। ”
উল্লেখ্য, গত ডিসেম্বরে আশুলিয়ায় শ্রমিকদের উসকে দিয়ে তৈরি পোশাক কারখানার স্বাভাবিক পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টার অভিযোগে পুলিশ স্থানীয় সাবেক সংসদ সদস্য, সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, অভিনেতা এ আর মন্টুসহ ১৫ জনের নাম উল্লেখ করে ৮৫ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

Be the first to comment on "অভিনেতা এ আর মন্টু গ্রেপ্তার"