নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হিন্দুদের বাড়িতে হামলা, মন্দির ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল ইসলাম চকদারকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে তাকে তার উপজেলা সদরের বাড়ি থেকে গ্রেফতার করা হয় বলে জানান নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর। তিনি আরো জানান, হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
গত ২৮ অক্টোবার শুক্রবার নাসিরনগরের হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে রসরাজ দাসের ফেসবুক পাতায় ‘ইসলামের অবমাননাকর’ একটি পোস্ট পাওয়া যায়, যা জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ওই দিনই রসরাজের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করা হয়। পুলিশ তাকে আটক করে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পরদিন উপজেলা সদরের হিন্দুপাড়ার মন্দির ও বাড়িঘর ভাংচুর করে দুর্বৃত্তরা। ৪ নভেম্বর ভোরেও হিন্দুদের পাঁচটি ঘরে অগ্নিসংযোগ করা হয়। পরে একই সন্ধ্যায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেবের ঘরের বারান্দায় রাখা পাটখড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সর্বশেষ রবিবার ভোরে উপজেলা সদরের পশ্চিমপাড়ার ছোট্ট লাল দাসের বাড়ির একটি ঘরে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় আটক করা হয়েছে ৮৫ জনকে।

Be the first to comment on "নাসিরনগরে হামলার ঘটনায় বিএনপি নেতা গ্রেফতার"