নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনের তফসিল ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার, বাতিল বা স্থগিত চেয়ে আইনি নোটিস পাঠিয়েছে সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক। সিদ্ধিরগঞ্জ পৌরসভাকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন থেকে আলাদা করার মামলা বিচারাধীন থাকা অবস্থায় নির্বাচনের তফসিল ঘোষণা করায় এ নোটিস দেওয়া হয়েছে।
সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আবদুল মতিন প্রধানের পক্ষে নোটিসটি পাঠিয়েছেন সুপ্রীমকোর্টের আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহ। বুধবার নোটিসটি পাঠানো হলেও বৃহস্পতিবার (১৭ নভেম্বর) তিনি সাংবাদিকদের বিষয়টি সাংবাদিকদের জানান। আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহ জনান, ২০১০ সালের ৫ মে এক প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জ পৌরসভা, সিদ্ধিরগঞ্জ পৌরসভা ও বন্দরের কদমরসুল পৌরসভা নিয়ে নারায়ণগঞ্জ সিটি করেপোরেশন গঠিত হয়। পরের বছর ৩১ অক্টোবর নবগঠিত সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।
এরপর ২০১৩ সালের ফেব্রুয়ারিতে সাবেক সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আবদুল মতিন প্রধান নারায়ণগঞ্জ সিটি করপোরেশন থেকে সিদ্ধিরগঞ্জ পৌরসভাকে আলাদা করতে হাইকোর্টে একটি রিট দাখিল করেন। ওই সময় এ রিটের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন। রুলটি বর্তমানে বিচারপতি ওবায়দুল হাসান ও কৃষ্ণা দেবনাথের বেঞ্চে রুলটি বিবেচনাধীন রয়েছে।
এ অবস্থায় নির্বাচনের তফসিল আইনি নোটিস পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে প্রধান নির্বাচন কমিশনারকে প্রত্যাহার, বাতিল বা স্থগিত করতে বলা হয়েছে। একই সঙ্গে স্থানীয় সরকার সচিবকে এ নির্বাচন বন্ধে পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিসে উল্লেখ করা হয়েছে। নোটিসে প্রধান নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার সচিব, নির্বাচন কমিশন সচিব, রিটার্নিং অফিসার, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও নারায়ণগঞ্জের সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৪ নভেম্বর বিকেলে ইসি কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনের তফসিল ঘোষণা করেন। আগামী ২২ ডিসেম্বর এ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, ২২ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা নেওয়া হবে ২৪ নভেম্বর পর্যন্ত। ২৬ ও ২৭ নভেম্বর বাছাই হবে আর ৪ ডিসেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। আর নাসিক নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন নুরুজ্জামান তালুকদার।

Be the first to comment on "না.গঞ্জ সিটি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে আইনি নোটিস"