শিরোনাম

পদক-কবর সরিয়ে জিয়াকে ছোট করা যাবে না: ফখরুল

নিউজ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় সংসদ ভবনসংলগ্ন চন্দ্রিমা উদ্যান থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর ও জাতীয় জাদুঘর থেকে তার স্বাধীনতার পদক সরিয়ে তাকে ছোট করা যাবে না।

ফখরুল বলেন, ‘আমরা স্পষ্টভাবে জানাতে চাই, জিয়াউর রহমান সাহেবের পদক সরিয়ে নিয়ে অথবা তার মাজার সরিয়ে নিয়ে তাকে ছোট করা যাবে না। এই বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের ১৬ কোটি মানুষের হৃদয়ে অবস্থান করেন।’ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দিতে গিয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘গতকালও একজন মন্ত্রী, তিনি হুমকি দিয়েছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার তারা সরিয়ে নেবেন। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি ও প্রতিবাদ করছি।’ সরকারের এ অবস্থানের সমালোচনা করে ফখরুল বলেন, আমরা মনে করি, এই ধরনের কর্মকাণ্ড ও সিদ্ধান্ত শুধু তাদেরকেই (ক্ষমতাসীন সরকার) আরও ছোট করবে, সংকীর্ণ করবে এবং জনগণ থেকে আরও বিচ্ছিন্ন করবে।

এ সময় জিয়াকে দেওয়া মরণোত্তর স্বাধীনতা পদক প্রত্যাহার করে নেওয়ারও সমালোচনা করেন বিএনপি মহাসচিব।

মহিলা দলের সভানেত্রী নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা ছাড়াও মহিলা নেত্রী রেহানা আখতার রানু, বিলকিস জাহান শিরিন, হালিমা নেওয়াজ আরলী, ফরিদা ইয়াসমীন এ সময় ফখরুলের সঙ্গে ছিলেন। তারা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর আত্মার শান্তি কামনায় মোনাজাতে অংশ নেন।

 

basic-bank

Be the first to comment on "পদক-কবর সরিয়ে জিয়াকে ছোট করা যাবে না: ফখরুল"

Leave a comment

Your email address will not be published.


*