নিউজ ডেস্ক : প্যাকেজ-ভ্যাট কমানোর জন্য ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকান মালিক সমিতিরি পক্ষ থেকে যে দাবি করা হয়েছে তা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। নবেম্বরের মধ্যে বর্ধিত প্যাকেজ-ভ্যাট বাতিল করার ঘোষণা না দিলে ক্ষুদ্র-মাঝারি এবং কাঁচামালের ব্যবসায়ীরা দোকনে তালা মেরে ঘরে বসে থাকবেন দোকান মালিক সমিতির এমন হুমকির একদিনের মাথায় অর্থমন্ত্রী এ মন্তব্য করলেন।
বৃহস্পতিবার সচিবালয়ে ঢাকা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র (ডিসিসিআই) ‘ট্যাক্স গাইড ২০১৬-১৭’ বইয়ের মোড়ক উন্মোচন শেষে অর্থমন্ত্রী বলেন, ‘ভ্যাট কমানোর যে দাবি করা হয়েছে তা গ্রহণযোগ্য নয়। তবে রিটার্ন জমার পরিমাণ বাড়লে ভ্যাট কমানোর বিষয়টি বিবেচনা করা যেতে পারে।’ কাস্টম কমিশনারেট পশ্চিম অফিসের অধীনে ৭৭ হাজার ৫৮৭টি নিবন্ধিত প্রতিষ্ঠান থাকলেও ভ্যাট প্রতিবেদন জমা দেয় মাত্র ১১ হাজার। বাকি ৬৮ হাজার প্রতিষ্ঠানই ভ্যাট প্রতিবেদন জমা দেয় না। এ বিষয়টির প্রতি ইঙ্গিত করে অর্থমন্ত্রী বলেন, ‘৭৭ হাজার নিবন্ধিত প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ১১ হাজার ভ্যাট দেয়।’ ‘যদি নিবন্ধিত প্রতিষ্ঠানের ৫০ শতাংশও ভ্যাট পরিশোধ করে, তবে ভ্যাট কমানো যাবে কি না, বিবেচনা করা যেতে পারে’ বলেন অর্থমন্ত্রী মুহিত। ডিসিসিআই’র সহ-সভাপতি আতিক-ই-রাব্বানী নেতৃত্বে একটি ব্যবসায়ী প্রতিনিধি দল মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্যাকেজ-ভ্যাট কমানোর দাবি গ্রহণযোগ্য নয় : অর্থমন্ত্রী

Be the first to comment on "প্যাকেজ-ভ্যাট কমানোর দাবি গ্রহণযোগ্য নয় : অর্থমন্ত্রী"