নিউজ ডেস্ক : নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাসংক্রান্ত চাকরির বিধিমামালার গেজেট সরকারকে করতেই হবে। এ জন্য আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আদালত বলেছে, গেজেট করার জন্য একমাস সময় যথেষ্ট। এই বিষয়ে আমরা কোনো আপস করতে চাই না। আজ সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের আট বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। বিধি প্রণয়ন সম্পর্কে আপিল বিভাগ বলেন, এটা বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্ন। এখানে কোনো কম্প্রোমাইজ নেই।
বিচারকদের আচরণ বিধি প্রণয়ন না করায় আদালতের নির্দেশে হাজির হওয়া দুই সচিবের উদ্দেশে আপিল বিভাগ বলেন, এটা আপনারাই করে পাঠিয়েছিলেন। মাসদার হোসেন মামলার আলোকে আমরা শুধু সংশোধন করে দিয়েছি। মাসদার হোসেন মামলার রায় সরকার মেনে নিয়েছে। আমরা এখান থেকে ব্যাক করব না। আপিল বিভাগ আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত সময় দিয়ে বিচারকদের শৃঙ্খলা বিধি প্রণয়নের গেজেট প্রকাশ করার আদেশ দেন। অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলাসংক্রান্ত বিধি চূড়ান্ত করে তা গেজেট আকারে প্রকাশ করতে আপিল বিভাগের নির্দেশ সত্ত্বেও তা না করায় এবার আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিবকে তলব করা হলে সোমবার কার্যদিবস শুরুর আগেই তারা আদালতে হাজির হন।
এর আগে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৮ সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ তাদের তলব করেন। গত ৮ ডিসেম্বর নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশ না করায় আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে সোমবার হাজির করতে অ্যাটর্নি জেনারেলকে মৌখিক নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

Be the first to comment on "বিচারকদের বিধিমালার গেজেট ১৫ জানুয়ারির মধ্যে প্রকাশের নির্দেশ"