নিউজ ডেস্ক : শুধু বাংলাদেশের ক্রিকেটের জন্য নয়, বিশ্ব ক্রিকেটের জন্য এক মহামূল্য সম্পদের নাম মুস্তাফিজুর রহমান। ক্রিকেটে এসেই বিশ্বকে চমকে দিয়েছেন।
চমকে দিয়ে বেশিরভাগ প্রতিভার মত হারিয়ে যাননি। নিয়মিতভাবেই দেখিয়ে চলছেন ভেলকি। চলতি বছর আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। আর এতেই কানাঘুষা শুরু হয়েছে ভারতীয় মিডিয়ায়!
খোদ ভারতের ঘরোয়া টুর্নামেন্ট আইপিএলের গত সিজনে সেরা উদীয়মান ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছিলেন মুস্তাফিজ। তার ক্যারিশমায় মুগ্ধ হয়ে সানরাইজার্স হায়দরাবাদ পরবর্তী আসরের জন্য মুস্তাফিজকে বড় অংকের সম্মানীর বিনিময়ে দলে রেখে দিয়েছে। কিন্তু ভারতের ক্রীড়া বিষয়ক সাইট ‘স্পোর্টসকিডা’ কাটার মাস্টারকে বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের স্বীকৃতি দিতে রাজী নয়! তাদের মতে, শ্রীলঙ্কার কুশল মেন্ডিস, ভারতের লোকেশ রাহুল- জসপ্রীত বুমরাহ কিংবা দক্ষিণ আফ্রিকার রাবাদাকে এই পুরস্কার দেওয়া যেতে পারত!
পোর্টালটি যুক্তি দেখিয়েছে যে, ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে দুই ম্যাচে ৫ উইকেট শিকার করে আলোচনায় আসেন মুস্তাফিজ। তারপর থেকেই সে বাংলাদেশ জাতীয় দলের অবিচ্ছেদ্য অঙ্গ। আইসিসির কাউন্টেবল ১২ মাসে সে ৩টি ওয়ানডে এবং ১০টি টি-টোয়েন্টি মিলিয়ে মোট ১৩টি ম্যাচ খেলেছে। ১১.৭৪ গড়ে উইকেট পেয়েছে ২৭টি।
অন্যদিকে একই সময়ে জসপ্রিত বুমরাহ ২৪ ম্যাচে নিয়েছেন ৩৭ টি উইকেট। ৩ ফরম্যাটেই সেঞ্চুরি করেছেন লোকেশ রাহুল। ৩২ ম্যাচ খেলে ২৩ গড়ে ৬৭ উইকেট নিয়েছেন রাবাদা। উইকেট শিকারের দিক দিয়ে বর্ষসেরা ক্রিকেটার অশ্বিনের পরেই রাবাদার স্থান। মুস্তাফিজ এবং রাবাদার অভিষেকও প্রায় একই সময়ে হয়েছিল। তবে কেন মুস্তাফিজকে এই পুরস্কার দিতে হবে- এই প্রশ্ন তারা রেখেছে।
উল্লেখ্য, গত ৬ মাস ধরে ইনজুরিতে আক্রান্ত মুস্তাফিজ মাঠের বাইরে আছেন সেটা সেই প্রতিবেদনে উল্লেখ নেই। ম্যাচের সংখ্যার পার্থক্যের কথাও তুলে ধরা হয়নি। ম্যাচের সংখ্যার দিক দিয়ে বাংলাদেশ সবসময়ই উপেক্ষিত। সবশেষে বলা যায়, মুস্তাফিজ যে একজনই হয় সেটা এখনও অনেকে বুঝতে পারেননি।

Be the first to comment on "মুস্তাফিজ বর্ষসেরা হওয়ায় ভারতীয় মিডিয়ার সমালোচনা!"