নিউজ ডেস্ক : রাজশাহী কিংসের ওপর চাপ। বিপিএলের শেষ চারে খেলার চাপ। বরিশাল বুলসের ওপর সেই চাপ নেই। এই দুই দলই লড়ছে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। বৃহস্পতিবারের একমাত্র ম্যাচে। আর এই ম্যাচে টস হেরে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৬১ রান তুলেছে বরিশাল।
১০ ম্যাচে রাজশাহীর পয়েন্ট ১০। সেরা পাঁচে এখনো তারা। বাকি দুই ম্যাচ খেলে নিশ্চিত করতে হবে সেরা চার। প্রতিদ্বন্দ্বী রংপুর রাইডার্সের পয়েন্টও সমান। তাই বরিশালের বিপক্ষে এই ম্যাচে জয় খুব দরকার ড্যারেন স্যামির দলের। ১০ ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া বরিশালের তো আসলে বাস্তবসম্মত কোনো আশা নেই।
রাজশাহী-বরিশালের আগের ম্যাচটি ছিল হাই স্কোরিং। শাহরিয়ার নাফীস, মুশফিকুর রহমান ফিফটি করেছিলেন। জবাবে বিপিএলের ইতিহাসের ব্যক্তিগত সর্বোচ্চ ১২২ রানের ইনিংস খেলে ফেলেন সাব্বির রহমান। তবু ম্যাচটি জিতেছিল বরিশাল।
টানা ৫ ম্যাচ হারা বরিশাল জয়ে ফিরতে চায়। আর সেই প্রেরণায় ওপেনার ডেভিড মালান খেলেছেন ৩৩ বলে ৩ ছক্কা ও ৬ চারে ৫৬ রানের দারুণ ইনিংস। ফজলে মাহমুদের ব্যাট থেকে এসেছে ৪৩ বলে ৪৩ রানের ইনিংস। যেখানে চার ৪টি, ছক্কা ২টি। অধিনায়ক মুশফিক করেছেন ৮। থিসারা পেরেরা ২২ বলে ২৯ রান করে অপরাজিত। আর নাফীস ৬ বলে ২ ছক্কায় হার না মানা ১৬ করেছেন।
শুরুতেই উইকেট পেয়েছিল রাজশাহী। দ্বিতীয় ওভারে মেহেদী হাসান মিরাজ তুলে নেন জিভান মেন্ডিসকে। কিন্তু এরপর প্রতিরোধের দেয়াল তুলে চমৎকার এগিয়েছেন মালান ও মাহমুদ। ঠিক ১০০ রানের জুটি গড়েছেন তারা। ওভার প্রতি রান তুলেছেন ৮.৪৫।
১২ ওভার এক সাথে লড়ে একই ওভারে ফিরেছেন মালান ও মাহমুদ। এরপর ৩৬ রানের জুটি পেরেরা ও মুশফিকের। নাফীস নেমেছেন ১৯তম ওভারে, মুশফিক আউট হলে। কম বলে বেশি রান করার লক্ষ্য পূরণ করে গেছেন। পেরেরাও ভালো খেললেন। তাতে চ্যালেঞ্জ করার মতো পুঁজি গড়েই বল হাতে নিচ্ছে বরিশাল।

Be the first to comment on "রাজশাহীকে ১৬২ রানের চ্যালেঞ্জ দিল বরিশাল"