নিউজ ডেস্ক : দলের তারকা স্ট্রাইকার লিয়নেল মেসির বার্সেলোনায় থাকার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করলেও ক্লাবের সাথে নিজের সম্পর্কের ব্যাপারে খুব একটা আত্মবিশ্বাসী হতে পারছেন না বার্সেলোনা বস লুইস এনরিক।
কাতালান ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তামেউ বৃহস্পতিবার গণমাধ্যমকে আশ্বস্ত করে বলেছিলেন ২৯ বছর বয়সী মেসি ক্যাম্প ন্যু থেকেই নিজের ক্যারিয়ার শেষ করবেন। যদিও ক্লাবের সাথে তার মেয়াদ রয়েছে আর মাত্র ১৮ মাস। এনরিক বিষয়টিতে সমর্থন জানিয়ে বলেছেন, আমিও মনে করি বার্সেলোনার সাথে মেসির সম্পর্ক আরো দীর্ঘদিন বজায় থাকবে। এটা একজন খেলোয়াড়ের জন্য অত্যন্ত আনন্দের যে খুব ছোটবেলায় যে দলটির জন্য নিজের দেশ ছাড়তে হয়েছিল সেই ক্লাবেই ক্যারিয়ার শেষ করার সুযোগ হচ্ছে। বার্সেলোনার সর্বকালের সেরা খেলোয়াড় যে মেসি এতে কোনো সন্দেহ নেই। এ কারণেই ক্লাবও তাকে সেই সুযোগ দিতে চায়। আমিও সেটাই বিশ্বাস করি।
ইতিমধ্যেই ব্রাজিলিয়ান তারকা নেইমারের সাথে ২০২১ সাল পর্যন্ত চুক্তি বৃদ্ধি করেছে বার্সেলোনা। এই তালিকায় আরো আছেন দলের অপর তারকা লুই সুয়ারেস। তবে সবকিছুর পরও মেসির চুক্তির বিষয়টি এখন সবচেয়ে আলোচনার বিষয়। তবে এনরিকের চুক্তি নিয়েও জোর আলোচনা শুরু হয়েছে। যেহেতু চলতি মৌসুমের পরই এনরিকের সাথে বার্সেলোনার বর্তমান চুক্তি শেষ হয়ে যাচ্ছে। গত দুই মৌসুমে তার অধীনে কাতালানরা আটটি শিরোপা জয় করেছে, তারপরও এনরিকের সাথে চুক্তি নবায়নে আগ্রহের অভাবের ইঙ্গিত পাওয়া গেছে। এনরিক নিজেও এ ব্যাপারে খুব একটা আত্মবিশ্বাসী হতে পারছেন না।

Be the first to comment on "মেসির ব্যাপারে আশাবাদী এনরিক"