নিউজ ডেস্ক : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু জানিয়েছেন, হাজারীবাগের শিল্প কারখানাসমূহকে গত বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে সাভারস্থ চামড়া শিল্পনগরী প্রকল্প এলাকায় স্থানান্তরের নির্দেশ দেয়া হয়েছিল। পরবর্তীতে শিল্প মালিকদের বিশেষ অনুরোধে সময় আরও একমাস বাড়ানো হয়। সে অনুযায়ী চলতি বছরের পহেলা ফেব্রুয়ারি থেকে হাজারীবাগের চামড়া শিল্প কারখানায় কাঁচা চামড়া প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী আরও জানান, বিসিকের আওতায় বাস্তবায়নাধীন চামড়া শিল্পনগরী প্রকল্পটি সরকারের একটি অন্যতম জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পের আওতায় বিটিএ ও বিএফএল-এলএফইএ-এর আওতাধীন ১৫৫টি শিল্প ইউনিটের অনুকূলে ২০৫টি প্লট বরাদ্দ প্রদান করা হয়েছে।
তিনি জানান, ১৫৫টি শিল্প ইউনিটের মধ্যে সাভারস্থ প্রকল্প এলাকায় ইতোমধ্যে ৪৩টি বড় বড় ট্যানারি কারখানায় ওয়েট-ব্লু সেকশন স্থানান্তর করে কাঁচা চামড়া প্রক্রিয়াজাত কার্যক্রম শুরু করেছে। বাকি শিল্প ইউনিটগুলো নির্মাণাধীন পর্যায়ে রয়েছে। তিনি জানান, প্রকল্পটির প্রধান অংশ সিইটিপির ৪টি মডিউলের মধ্যে ২টি মডিউলের নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং চালু অবস্থায় আছে। বাকি ২টি মডিউলের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। আমদানিকৃত মেশিনারিজ সংযোজন করা হলে তা চালু হবে।
সরকারি দলের অপর সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী জানান, বর্তমান গণতান্ত্রিক সরকার দেশের সর্বস্তরের জনসাধারনের জন্য নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে বদ্ধপরিকর। বিএসটিআই পণ্যের মান নির্দেশিকা প্রণয়ন ও বাধ্যতামূলক পণ্য তালিকার অন্তর্ভূক্ত ১৫৪টি পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত একমাত্র জাতীয় প্রতিষ্ঠান।
তিনি জানান, চলতি বছরের জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে বিএসটিআই কর্তৃক পরিচালিত মোবাইল কোর্ট/সার্ভিল্যান্স টিমের মাধ্যমে নি¤œমানের ও ভেজাল পণ্য উৎপাদনকারী/বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী, ওই সময়ে ১১৫টি মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ১৭০টি মামলা দায়ের করেছে। এছাড়া ১৫৬টি সার্ভিল্যান্স টিম ৭০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে। এসব মোবাইল কোর্ট ৮৭ লাখ ৪২ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
মন্ত্রী জানান, ভেজাল বিরোধী অভিযান চালিয়ে মোবাইল কোর্ট ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদানসহ ২টি কারখানা সিলগালা করা হয়েছে। এছাড়া এক লাখ ৭ হাজার টাকা মূল্যের ফ্রুট সিরাপসহ বিপুল পরিমাণ ভেজাল ও নি¤œমানের খাদ্যপণ্য ধ্বংস করা হয়েছে। বিএসটিআই’র এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।
বেগম সানজিদা খানমের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী জানান, দেশের বিদ্যমান চিনিকলগুলো ত্রিশ, পঞ্চাশ ও ষাটের দশকে স্থাপিত। ইতোমধ্যে এসব চিনিকলগুলোর অর্থনৈতিক আয়ুস্কাল শেষ হয়ে গেছে। এজন্য চিনিকলগুলোতে পর্যায়ক্রমে প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রতিস্থাপনসহ উপজাত ভিত্তিক শিল্প স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী আমির হোসেন আমু জানান, সরকার ২০১১ সালের ২১ মার্চ জাহাজ নির্মাণ, জাহাজ ভাঙ্গা ও জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ কর্মকান্ডকে শিল্প হিসেবে ঘোষণা করেছে। পরবর্তীতে মন্ত্রীপরিষদ বিভাগ প্রজ্ঞাপনমূলে জাহাজ নির্মাণ, জাহাজ ভাঙ্গা, জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ সম্পর্কিত বিষয়াদিকে শিল্প মন্ত্রণালয়ের কার্যতালিকায় অন্তর্ভূক্ত করা হয়।
পহেলা ফেব্রুয়ারি থেকে হাজারীবাগে কাঁচা চামড়া প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে

Be the first to comment on "পহেলা ফেব্রুয়ারি থেকে হাজারীবাগে কাঁচা চামড়া প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে"