নিউজ ডেস্ক : দক্ষিণ জার্মানির এক শহরে ট্রেনের ভেতরে ছুরি ও কুড়াল নিয়ে হামলা চালিয়ে চার যাত্রীকে আহত করার পর শরণার্থী এক আফগান কিশোর পুলিশের গুলিতে নিহত হয়েছে।
সোমবার স্থানীয় সময় রাত সোয়া ৯টার দিকে ভুর্সবুর্গে এ হামলার ঘটনা ঘটে বলে পুলিশের এক মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১৭ বছর বয়সী ওই কিশোর কেন এই হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়। তবে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে জার্মান সংবাদমাধ্যম লিখেছে, ‘আল্লাহু আকবর’ ধ্বনি দিয়ে সে যাত্রীদের ওপর চড়াও হয়।
হামলায় প্রাথমিকভাবে ২০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেলেও পরে দেখা যায়, তাদের মধ্যে তিনজন গুরুতর আহত এবং একজন সামান্য জখম হয়েছেন।
জার্মান পুলিশের মুখপাত্র জানান, ট্রয়েসলিঙ্গেন থেকে আসা ট্রেনটি ভুর্সবুর্গে পৌঁছানোর পরপরই ওই কিশোর ছুরি আর কুড়াল নিয়ে হামলা করে। যাত্রীদের আহত করে সে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাকে ধাওয়া করে এবং পরে গুলি চালায়।
ফ্রান্সের নিস শহরে গত সপ্তাহে সন্ত্রাসী হামলায় ব্যাপক প্রাণহানির পর প্রতিবেশী দেশ জার্মানির নাগরিকদের শঙ্কার মধ্যেই এ ঘটনা ঘটল।
জার্মানির বাভারিয়া রাজ্য সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ইয়োয়াকিম হেরমান জানান, আফগান শরণার্থী ওই কিশোর ঘটনাস্থলের পাশের শহর ওকসেনফুর্টে থাকত। জার্মানিতে সে নিবন্ধিত হয় অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক হিসেবে।
আক্রমণের সময় ওই কিশোর ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করেছিল কি না- তা তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন হেরমান।
এর আগে গত মে মাসে মিউনিখের এক রেলস্টেশনে ‘আল্লাহু আকবার’ বলে হামলার খবর পাওয়া গিয়েছিল। ওই হামলায় একজন নিহত ও তিনজন আহত হন।
হামলাকারীকে পরে মনোরোগ হাসপাতালে পাঠানো হয়। ওই ঘটনার সঙ্গে ইসলামি উগ্রবাদের কোনো যোগ পাওয়া যায়নি বলে জার্মান কর্তৃপক্ষ সে সময় জানিয়েছিল।

Be the first to comment on "এবার জার্মানিতে ট্রেনে কুড়াল নিয়ে হামলা"