নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের ওপর হামলার বিচার বিভাগীয় তদন্ত দাবি করে বিএনপি বলেছে অবিলম্বে সেখানকার ক্ষতিগ্রস্ত লোকজনকে সহায়তা দিতে হবে। আজ শনিবার সকালে গুলশানে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, কী কারণে হাজার বছরের শান্ত জনপদ নাসিরনগরে এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটল সেটি তদন্তে হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে এ তদন্ত কমিশন গঠনের দাবি জানাচ্ছি। হাফিজ আরও বলেন, যদিও এরই মধ্যে ক্ষমতাসীন দল তাদের দলীয় কর্মীদের বহিষ্কারের মাধ্যমে স্বরূপ উন্মোচন করেছেন, এ হামলার সঙ্গে কারা জড়িত। তারপরও বিষয়টি আরও পরিষ্কার করার জন্য আমরা এই বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের জন্য দাবি জানাচ্ছি। উল্লেখ্য, গত শুক্রবার বিএনপির একটি প্রতিনিধিদল ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগর এলাকা পরিদর্শন করেন। যার নেতৃত্বে ছিলেন মেজর হাফিজ। আজ গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। তিনি বলেন, এখন পর্যন্ত দেশে সংখ্যালঘুদের ওপর যত হামলা হয়েছে তার সাথে শাসকদলের লোকরা সম্পৃক্ত।
ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি বিএনপির

Be the first to comment on "ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি বিএনপির"