শিরোনাম

সার্চ কমিটি গঠন রাষ্ট্রপতির অগ্নি পরীক্ষা : রিজভী

নিউজ ডেস্ক : নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে নিরপেক্ষ সার্চ কমিটি গঠন রাষ্ট্রপতির জন্য অগ্নি পরীক্ষা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এবার প্রমাণিত হবে যে, রাষ্ট্রপতির কাছে দেশ বড় নাকি আওয়ামী লীগ বড়? আজ বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে ২৫ জানুয়ারি বাকশাল গঠন দিবসকে গণতন্ত্র হত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভার আয়োজন করে জাতীয় নাগরিক সংসদ। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, আমরা আপনার প্রতি আস্থা রাখি, আপনি নিরপেক্ষ সার্চ কমিটি দেবেন।
বিএনপি যেন সার্চ কমিটিকে সমর্থন করতে পারে, বিএনপিকে যে সার্চ কমিটি প্রত্যাখ্যান করতে না হয় তেমন সার্চ কমিটিই গঠন হবে বলে আমরা আপনার প্রতি আস্খা রাখি। কিন্তু যদি তার উল্টো হয় তাহলে আমাদের কঠোর কর্মসূচি দিয়ে রাজপথে নামা ছাড়া আরও কোনও উপায় থাকবে না। আর এর জন্য দেশের যে কোনও পরিস্থিতির জন্য সব দায় দায়িত্ব আপনাকেই নিতে হবে। তিনি বলেন, আমি কিছুক্ষণ আগেই জেনেছি রাষ্ট্রপতি ৬ সদস্য বিশিষ্ট সার্চ কমিটির তালিকা পাঠিয়েছেন। কিন্তু ওই ৬ জন কে কে তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে যদি ওই সার্চ কমিটিতে আওয়ামী লীগের মনোভাবের প্রতিফলন ঘটে তাহলে বিএনপি তা প্রত্যাখ্যান করে কঠোর ও শক্তিশালী কর্মসূচি দেবে।

রিজভী বলেন, দেশে মিথ্যা রাজত্ব কায়েম হতে দেয়া হবেনা। রাষ্ট্রপতির উচিৎ হবে সবার মতকে গ্রাহ্য করা। যদি তিনি তা না করে শুধু শেখ হাসিনা বা আওয়ামী লীগের কথামতো সার্চ কমিটি ও ইসি গঠন করেন তা হবে রাষ্ট্রপতির জন্য বিব্রতকর। আমার প্রশ্ন তিনি কি আলোর অধ্যায়ে থাকবেন, নাকি অন্ধকারের অধ্যায়ে থাকবেন? আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি দেশের রাষ্ট্রপতি না কি শুধু আওয়ামী লীগের রাষ্ট্রপতি?

১৯৭৫ সালের ২৫ জানুয়ারির মতো আবারো দেশে পুনরাবৃত্তি হতে দেয়া হবেনা বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। ২৫ জানুয়ারি বাকশাল প্রতিষ্ঠা দিবসকে গণতন্ত্র হত্যা দিবস পালনের লক্ষ্যে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক সংসদ নামের একটি সংগঠন। সংগঠনের সভাপতি ও বিএনপি নেত্রী খালেদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- বিএনপির সহ শিক্ষা সম্পাদক ফরিদা মনি শহিদুল্লাহ, সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, নির্বাহী সদস্য ও স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, বাংলাদেশ জাতীয় দলের সভাপতি সৈয়দ এহসানুল হুদা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহবাগ থানা কৃষকদলের সভাপতি এম জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

basic-bank

Be the first to comment on "সার্চ কমিটি গঠন রাষ্ট্রপতির অগ্নি পরীক্ষা : রিজভী"

Leave a comment

Your email address will not be published.


*