নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের আগে ৯৯ দশমিক ৯৫ শতাংশ তৈরি পোশাক কারখানার শ্রমিকদের উৎসব-ভাতা প্রদান করা হয়েছে বলে দাবি করেছেন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান।
শনিবার রাজধানীর কারওয়ান বাজারে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে পোশাক শিল্পখাতের শ্রম পরিস্থিতি বিষয়ক প্রেস ব্রিফিংয়ে এ দাবি করেন তিনি।
বিজিএমইএ সভাপতি বলেন, ঈদকে সামনে রেখে শ্রমিকদের বেতন বোনাস যথাসময়ে পরিশোধ করতে বিজিএমইএ ও সরকার মিলে ব্যবস্থা গ্রহণ করেছে। এরমধ্যে ৯টি বিভাগে ভাগ করে আঞ্চলিক কমিটি ও ১৫টি মনিটরিং কমিটি গঠন করা হয়।
কমিটি ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস সংক্রান্ত বিষয়ে এক হাজার ৩১৯টি প্রতিষ্ঠান পরিদর্শন করেছে। এর মধ্যে ৪৪টি কারখানার সমস্যা সমাধান করা হয়েছে। এছাড়াও ৯৯ দশমিক ৯৫ শতাংশ তৈরি পোশাক কারখানায় উৎসব ভাতা প্রদান করা হয়েছে বলে তিনি জানান।
বিজিএমইএ সভাপতি আরো বলেন, ‘গার্মেন্টস শিল্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে ব্যাংক খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
বেতনাদি পরিশোধে ২ থেকে ৪ জুলাই পর্যন্ত ব্যাংকের লেনদেন চালুর ব্যবস্থা করা হয়েছে। ফলে এবার পোশাক খাতে তেমন কোনো উল্লেখযোগ্য সমস্যা তৈরি হয়নি। তাছাড়া যেকোনো সমস্যার তাৎক্ষণিক সমাধানে একটি নিয়ন্ত্রণ কক্ষ সার্বক্ষণিক খোলা রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সহ-সভাপতি নাসির উদ্দিন ছাড়াও পরিচালকরা উপস্থিত ছিলেন।

Be the first to comment on "৯৯.৯৫ শতাংশ কারখানায় ভাতা পরিশোধ : বিজিএমইএ"