নিউজ ডেস্ক : আগামী ২০১৭-১৮ অর্থবছরে বাজেটের আকার হতে পারে তিন লাখ ৯০ হাজার কোটি টাকা। তবে এটি এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
সোমবার দুপুরে সচিবালয়ে মুদ্রা ও মুদানীতিসংক্রান্ত সমন্বয় কমিটি এবং বাজেট পর্যালোচনা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘২০১৬-১৭ অর্থবছরের বাজেট বাস্তবায়ন অত্যন্ত সন্তোষজনক। রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে। গত বছরের এই সময়ের তুলনায় চলতি বছরের এই সময়ে ২২ শতাংশ বেশি রাজস্ব আহরিত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এবার সঞ্চয়পত্র বিক্রি বেশি হয়েছে। এ কারণে ব্যাংক থেকে আমাদের কোনও টাকা ধার করতে হয়নি। সেক্ষেত্রে সঞ্চয়পত্রের সুদ বেশি দিতে হচ্ছে। তবে সঞ্চয়পত্রের এ সুদের হার সমন্বয় করা হবে।’
এ সময় অর্থমন্ত্রী আরও বলেন, অবৈধ পথে বা হুন্ডির মাধ্যমে টাকা আসাই প্রবাসী আয় কমে যাওয়ার অন্যতম কারণ। তিনি বলেন, ‘হ্যাঁ, রেমিট্যান্স কমছে। তবে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় বলেছে, প্রবাসী আয় বাড়ানোর বিষয়ে তারা কিছু পদক্ষেপ নিচ্ছে। আমিও মনে করি, ডলারের মূল্যমান ৮০ টাকা হয়ে যাওয়ায় এ সমস্যা মিটে যাবে এবং প্রবাসীয় আয় বাড়বে।’
চলমান বৃহৎ প্রকল্পগুলোর মধ্যে পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতি খুবই ভালো বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘পদ্মা সেতু প্রকল্পের ৪৯ শতাংশ বাস্তবায়ন হয়েছে।’
বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, অর্থ বিভাগের সিনিয়র সচিব মাহবুবব আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমানসহ সংশ্লিষ্টরা ছিলেন।
উল্লেখ্য, চলতি ২০১৬-১৭ অর্থবছরের জন্য তিন লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার জাতীয় বাজেট পাস করা হয়।

Be the first to comment on "আগামী বাজেট ৩ লাখ ৯০ হাজার কোটি টাকার: অর্থমন্ত্রী"