নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে কটূক্তি করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লা আদালতে কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৮নং আমলি আদালতে মঙ্গলবার দুপুরে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ মুরাদনগর শাখার আহ্বায়ক শরিফুল আলম চৌধুরী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলা দায়েরের পর জেলা ম্যাজিস্ট্রেট ফাহাদ বিন আমিন চৌধুরী মামলাটি আমলে নিয়ে ২ জুনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য কুমিল্লা জেলা তথ্য কর্মকর্তাকে আদেশ প্রদান করেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তানভীর আহমেদ ফয়সল দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘সজীব ওয়াজেদ জয়ের অ্যাকাউন্টে আড়াই হাজার কোটি টাকার সমপরিমাণ ৩০০ মিলিয়ন ডলার জমা আছে―খালেদা জিয়ার এমন মন্তব্য ইন্টারনেট, অনলাইনভিত্তিক সংবাদ সংস্থা ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বাদী শরিফুল আলম চৌধুরীর ব্যাপক মানহানি হয়েছে।’
এর আগে ১ মে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশে বেগম খালেদা জিয়া অভিযোগ করেন―যুক্তরাষ্ট্রে এফবিআইয়ের মামলার নথিতে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের অ্যাকাউন্টে আড়াই হাজার কোটি টাকার সমপরিমাণ ৩০০ মিলিয়ন ডলার জমা আছে।
এই মামলায় খালেদা জিয়াকেই আসামি করা হয়েছে বলে জানান অ্যাডভোকেট তানভীর।

Be the first to comment on "খালেদার বিরুদ্ধে কোটি টাকার মামলা"