নিউজ ডেস্ক : রাজধানীর দক্ষিণখানে আশকোনার জঙ্গি আস্তানার তিনরুমের ওই ফ্ল্যাটের দুই রুমে প্রবেশ করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোসাল টিম। তবে একটি রুমে এখনও প্রবেশ করতে পারেনি।
কারণ ভেতরে এখনও প্রচুর গ্যাস। ওই কক্ষেই কিশোর জঙ্গির লাশ রয়েছে।
রবিবার সকালে বোম্ব ডিসপোসাল টিমের সদস্যরা আশকোনার জঙ্গি আস্তানায় প্রবেশ করেন। এরপর তারা দুটি রুমে প্রবেশ করেন। সিটিটিসি ইউনিটের ডিসি প্রলয় কুমার জোয়ারদার সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘ভেতরে প্রচুর গ্যাস, দুটি রুমে পুলিশ প্রবেশ করতে পারলেও একটিতে এখনও প্রবেশ করা যায়নি। ফায়ার সার্ভিস গ্যাস নিঃসরণের কাজ করছে। তারপর সেখানে প্রবেশ করা যাবে। ’
তিনি আরও বলেন, ‘ফ্ল্যাটের ভেতরে পাঁচটি গ্রেনড এবং দুটি সুইসাইডাল ভেস্ট (আত্মঘাতী ভেস্ট) আছে। এর মধ্যে দুটি গ্রেনেড খুবই বিপজ্জনক। সেগুলো নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোসাল টিম প্রবেশ করবে।
শুক্রবার রাত ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সিটিটিসি ইউনিট দক্ষিণখান থানার পূর্ব আশকোনার ৫০ নম্বর বাড়িতে অভিযান চালায়। অভিযানে এক নারী ও এক কিশোর জঙ্গি নিহত হয়েছে। পুলিশের আহ্বানে সাড়া দিয়ে আত্মসমর্পণ করেছে দুই নারী ও তাদের দুই সন্তান। নিহত নারী জঙ্গির আত্মঘাতী বোমা বিস্ফোরণে আহত হয় তার শিশুকন্যা। ওই শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Be the first to comment on "জঙ্গি আস্তানা থেকে ৫ গ্রেনেড ২ সুইসাইডাল ভেস্ট উদ্ধার"