নিউজ ডেস্ক : নাশকতার তিন মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ৮ জানুয়ারি নতুন দিন ধার্য করেছেন আদালত। আসামিপক্ষের সময়ের আবেদন শুনে ঢাকার দুই মহানগর হাকিম পল্টন থানার দুটি ও শাহজাহানপুর থানার একটি মামলায় শুনানির নতুন দিন রাখেন।
শাহজাহানপুর থানার মামলায় ফখরুলসহ আসামি ২৩ জন, পল্টন থানার এক মামলায় ফখরুলসহ ২৬ জন আসামি। এসব মামলায় সময়ের আবেদন মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম নুর নবী। পল্টন থানার আরেক মামলায় আসামি ফখরুলসহ ২৫ জন। ওই মামলায় সময় মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মো. কায়সারুল ইসলাম।
আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, তিন মামলায় আজ অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ছিল। কিন্তু মামলার অন্যতম আসামি বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলকে কারাগার থেকে আদালতে হাজির না করায় সময়ের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক আগামী ৮ জানুয়ারি শুনানির দিন রেখেছেন। মির্জা ফখরুল এ দিন আদালতে উপস্থিত ছিলেন। বিএনপির ডাকা হরতাল-অবরোধে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এসব মামলা হয়।

Be the first to comment on "ফখরুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৮ জানুয়ারি"