নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামান নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পাচ্ছেন। বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭১ এর ১০(৪) ধারার বিধান অনুযায়ী তাকে ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের প্রস্তাবে প্রধানমন্ত্রী সম্মতি জ্ঞাপন করেছেন। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও অর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে এস এম মনিরুজ্জামানকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে। এতে জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের শূন্য পদ পূরণের লক্ষ্যে সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে এস এম মনিরুজ্জামানের চুক্তিভিত্তিক নিয়োগে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। সব ধরনের চুক্তিভিত্তিক নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়মানুযায়ী এখন জনপ্রশাসন মন্ত্রণালয় মনিরুজ্জামানকে চুক্তিতে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নিয়োগ দিয়ে আদেশ জারি করবে। ওই আদেশ জারির পরেই ডেপুটি গভর্নর হিসেবে যোগ দিবেন এস এম মনিরুজ্জামান।

Be the first to comment on "বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর মনিরুজ্জামান"