নিউজ ডেস্ক : বাংলাদেশসহ সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য দোয়া কামনার মধ্য দিয়ে শেষ হলো জাতীয় ঈদগাহে ঈদের জামাত। নামাজ শেষে মোনাজাতে মুসলিম উম্মাহর জন্য শান্তি ও সমৃদ্ধি প্রার্থনা করা হয়।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫ মিনিটে জামাত শুরু হয়।
জামাতে অংশ নেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনসহ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও উচ্চপদস্থ কর্মকর্তারা।
সকাল ৮টা ১৪ মিনিটে ঈদের জামাত শেষ হয়।
বৃষ্টি বিঘ্নিত ঈদের জামাতে নগরবাসীর উপস্থিতি ছিলো তুলনামূলক কম। সকাল সাড়ে ৭টা থেকেই মুষলধারে বৃষ্টি নামায় অনেকেই আসতে পারেননি জাতীয় ঈদগাহ মাঠে। এর মধ্যে অনেকে বৃষ্টি উপেক্ষা করে ছাতা ও রেইন কোট নিয়ে উপস্থিত হন। তবে প্রতিকূল আবহাওয়ার কথা বিবেচনা করে দুই স্তরের ত্রিপল দিয়ে ঈদগাহ্ মাঠ ছেয়ে দেওয়ায় বৃষ্টির কোনো প্রভাব পড়েনি।
লোকসমাগম কম থাকায় সব মুসল্লি ভিআইপিদের কাতারেই নামাজ আদায় করেন।
জাতীয় ঈদগাহ্ ঘিরে ছিলো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা। র্যাব, পুলিশ, সেনাবাহিনীর দেহ তল্লাশির পরও মেটাল ডিটেক্টটিং আর্চওয়েসহ মোট ৫টি গেট পেরিয়ে ঈদগাহ্ মাঠে ঢুকতে প্রবেশ করতে হয় মুসল্লিদের।
পল্টন মোড়, শিক্ষা ভবন ও মৎস ভবন মোড় থেকেই সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। নামাজের পর সাড়ে ৮টায় ফের যান চলাচল স্বাভাবিক হয়।
সকাল থেকে ঈদগাহ্ মাঠে কোরআন তেলাওয়াত করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদের মোয়াজিন হাবিবুর রহমান মোক্তার, মসজিদের সিনিয়র আলীম ক্বারী মাসুদুর রহমান।
প্রধান নামাজের ইমামতি করেন বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

Be the first to comment on "মুসলিম উম্মাহর শান্তি কামনা জাতীয় ঈদগাহের দোয়ায়"