নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়ায় বিয়েরকে কেন্দ্র করে কনের বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বরপক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৩ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের চর-শালনগর গ্রামে।
সরেজমিন জানা গেছে, সর্বনাশা মধুমতির ভাঙ্গনে সহায় সম্বল,ভিটে-মাটি হারিয়ে প্রায় ১২বছর আগে কায়েম মোল্যা স্ত্রী সন্তান নিয়ে আশ্রয় নেয় চর-শালনগর গ্রামের লোহাগড়া-লাহুড়িয়া বেড়িবাধ সড়কের ওপর। সেখানে স্ত্রী জ্যোৎস্মা বেগমসহ তিনি দিন মজুরী করে সংসার চালাতেন। কয়েক বছর আগে হঠাৎ কায়েম মোল্যা প্যারালাইসিস রোগে আক্রান্ত হলে ওষুধসহ সংসার চালাতে হিমশিম খেতে হয় জ্যোৎস্মা বেগমকে। কায়েম মোল্যা ৫বছর ধরে অসুস্থ থেকে মারা যাওয়ার পর ১বছর আগে একই গ্রামের লায়েক মোল্যার ছেলে ইনদাদুল মোল্যার সাথে কায়েম মোল্যার বড় মেয়ে সাথী খানম (১৯) বিয়ে হয় । ইনদাদুল তার পরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করায় সাথী ও তার পরিবারের ওপর নেমে আসে অমানবিক নীপিড়ন ও নির্যাতন। শাশুড়ি বাকেলা বেগম ও ননদ ছালমা বেগম, তাকে বিয়ের পর থেকেই মারধর করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে আসছিলেন। কিন্ত ইনদাদুল সাথীর পাশে থাকায় সফল হয়নি শাশুড়ি বাকেলা ও ননদ ছালমা বেগম। সাথী ৪মাসের সন্তান সম্ভাবা বিষয়টি সম্প্রতি শাশুড়ি ও ননদ জানতে পেরে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। গত ২ নভেম্বর চর-শালনগর গ্রামের মৃত সাখায়েতের ছেলে কুটির নেতৃত্বে আজিজুল, আলিফ মেহেদী, শাশুড়ি বাকেলা, ননদ ছালমাসহ ১০-১২জন সাথীদের বাড়িতে হামলা করে তার মা জ্যোৎস্মা বেগমকে বেধড়ক মারপিট করে ঘরবাড়ি ভেঙ্গে অন্যত্র চলে যাওয়ার জন্য শাশিয়ে যায়। জ্যোৎস্মা বেগম বিষয়টি প্রতিবেশিসহ স্থানীয় মেম্বারকে জানান। প্রতিকার না পেয়ে তিনি ওই দিনেই প্রানভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে আশ্রয় নেন বড় ছেলে মাহমুদ মোল্যার শশুর বাড়িতে। এ সুযোগে গত মঙ্গলবার বেলা ২টার দিকে কুটি, বাকেলা, ছালমা, আজিজুল, আলিফ ও মেহেদীসহ বেশ কয়েকজন সাথীদের বাড়িতে প্রবেশ করেন। বাড়িতে কাউকে না পেয়ে মালামাল লুটপাট করে আগুন ধরিয়ে দেয় বলে জানান স্থানীয় প্রত্যেক্ষদর্শীরা। এ ঘটনায় প্রায় আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস বুধবার সন্ধায় জানান, ক্ষতিগ্রস্তরা থানার এসেছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Be the first to comment on "লোহাগড়ায় বিয়েকে কেন্দ্র করে বাস্তহারার বসতঘরে দুর্বৃত্তের আগুন"