নিউজ ডেস্ক : চট্টগ্রামের একটি স্কুলের ছাত্রাবাস থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে ১১ জনকে আটক করা হয়েছে, যারা ইসলামী ছাত্রশিবিরের কর্মী বলে সন্দেহ পুলিশের।
বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরে চিটাগাং ইডেন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রাবাস থেকে ১১ জনকে আটকের কথা জানান পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) ওয়ালি আকবর।
তিনি বলেন, “নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক করছে সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের অধিকাংশেরই বয়স ২২ থেকে ১৮ বছরের মধ্যে। ”
পরিদর্শক ওয়ালি বলেন, ”আটকদের কেইউ ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী নন। তাদের কেউ বেসরকারি বিশ্ববিদ্যালয়, আবার কেউ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। কী কারণে তারা ওইখানে জড়ো হয়েছিল তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ”
মোহাম্মদপুরের ওই বিদ্যালয়ের তৃতীয় তলা পর্যন্ত স্কুলের শিক্ষা কার্যক্রম এবং এর উপরে কয়েকটি ফ্লোরে ছাত্রাবাস রয়েছে। জামায়াতে ইসলামীর নেতাদের পৃষ্ঠপোষকতায় বিদ্যালয়টি পরিচালিত হয় বলে অভিযোগ রয়েছে।

Be the first to comment on "চট্টগ্রামে ছাত্রাবাস থেকে ১১ শিবিরকর্মী আটক"