নিউজ ডেস্ক : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার প্রধান সড়কে পাওয়ার টিলারের চাপায় জামাল উদ্দিন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী।
সোমবার (১৩ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে হাতিয়ার ওছখালি বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামাল উদ্দিন উপজেলার সোনাদিয়া ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের পূর্ব সোনাদিয়া গ্রামের সারাজুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে জামাল উদ্দিনসহ দুজন মোটরসাইকেলে করে সোনাদিয়া থেকে ওছখালী বাজারের দিকে যাচ্ছিলেন। বাজারের কাছে এলে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার টিলারের সঙ্গে সংঘর্ষ হলে মোটরসাইকেলসহ চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই জামাল উদ্দিন মারা যান। এ সময় আহত হন তার সঙ্গী। আহত ব্যক্তির নাম জানা যায়নি।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, পাওয়ার টিলারসহ চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Be the first to comment on "পাওয়ার টিলারের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত"