নিউজ ডেস্ক : নিউজিল্যান্ড সিরিজ সৌম্যর জন্য অগ্নিপরীক্ষার মতো। বাংলাদেশ জাতীয় দলের এই সুপার স্টাইলিশ ব্যাটসম্যান ফর্ম হারিয়ে খুঁজছেন বহুদিন হয়ে গেল।
সুখের খবর হলো নিউজিল্যান্ড সিরিজ উপলক্ষে প্রস্তুতি ম্যাচে এই তরুণ ব্যাটসম্যানের ব্যাটে দেখা গেছে আবারও সেই ঝলক। যার ফলে স্বস্তি এসেছে সবার মনে। অবশেষে হয়ত ফিরে পাওয়া যাবে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণকে মাটিতে মিশিয়ে দেওয়া সেই সৌম্যকে।
গত বছরের শেষ থেকে একের পর এক সিরিজে ব্যর্থ ছিলেন সৌম্য। তারপরও দল আস্থা রেখেছিল এই ম্যাচ উইনারের ওপর। কিন্তু প্রতিদান দিতে পারছিলেন না। ইংল্যান্ড সিরিজ থেকে বাদ পড়ার পরও নিউজিল্যান্ড সিরিজে তার ওপর আস্থা রাখে টিম ম্যানেজম্যান্ট। খোদ মাশরাফি বলেছিলেন, “অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের গতিময় পিচে ঝলসে উঠবেন সৌম্য। ” অবশেষে অধিনায়কের মুখ রক্ষা করলেন এই ড্যাশিং ব্যাটসম্যান।
শিষ্যের এই ব্যাটিংয়ে খুশি জাতীয় দলের ব্যাটিং কোচ থিলান সামারাবিরা। তার মতে, “খারাপ সময় সব ব্যাটসম্যানেরই আসে। শচীন টেন্ডুলকার, কুমার সাঙ্গাকারাদেরও এসেছে। সবাইকেই এই সময়ের ভেতর দিয়ে যেতে হয়। কোচিং স্টাফদের সমর্থন এই সময়ে খুব জরুরি। আশা করি এই সিরিজেই সে পূর্ণ ফর্মে ফিরবে। ”
এ ছাড়া প্রস্তুতি ম্যাচ এবং অনুশীলন সেশনে সৌম্যর ব্যাটের সেই হার্ডহিটিং বেশ মনে ধরেছে কোচের। তাকে ব্যাটিং অনুশীলন করাতে অনেক সময় দিচ্ছেন সামারবিরা। সেই সঙ্গে মনস্তাত্বিক বিষয়গুলোতেও খুব জোড় দেওয়া হচ্ছে। ক্যারিয়ারের শুরুতে এমন বিপজ্জনক পরিস্থিতে পড়া তরুণ ব্যাটসম্যানের জন্য মানসিক শক্তিটা ফিরে পাওয়া জরুরি।

Be the first to comment on "সৌম্যর ব্যাটে পুরনো ঝলক; খুশি টিম ম্যানেজম্যান্ট"