নিউজ ডেস্ক : জাতীয় রোভার মুটে বক্তব্যকালে স্কাউট ও রোভার স্কাউটদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদ্যুৎ অপচয় রোধে রোভার স্কাউট ও স্কাউটদের কাজের প্রশংসা করে তিনি বলেন, আমি আশা করি দেশের সম্পদ রক্ষায় এভাবেই এগিয়ে আসবে স্কাউট ও রোভার স্কাউটরা।
আজ বৃহস্পতিবার গোপালগঞ্জের মানিকদহে একাদশ জাতীয় রোভার মুটে বক্তব্যকালে তিনি আরো বলেন, বর্তমান সরকার রোভার ও স্কাউটিংয়ের উন্নয়নের জন্য কাজ করছে। মৌচাকে স্কাউটদের ট্রেনিং নেয়ার ক্ষেত্রে স্থানের অভাব হচ্ছে জানার পর তাদের মৌচাক সংলগ্ন বনের একটি অংশ ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে। তবে সেখানে গাছ না কেটে বা গাছের ক্ষতি না করে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর সাহায্য নিয়ে দেশের প্রান্তিক পর্যায় পর্যন্ত স্কাউটিং ছড়িয়ে দিতে কাজ করছে। বর্তমানে ১১ হাজারের বেশি কাব দল রয়েছে বলে জানান তিনি। স্কাউটিংয়ে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আমি স্কাউটের নেতৃত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেই চাই। নতুন নেতৃত্ব তৈরি করুন। তার পাশাপাশি স্কাউটে নারীর অংশগ্রহণের পরিমাণ বাড়ান।

Be the first to comment on "রোভার স্কাউটদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী"