শিরোনাম

চেনা শরীরেই সংরক্ষিত হবে নেতাজির সেই মহানিষ্ক্রমণের বাহন

নিউজ ডেস্ক :  ৭৯ বছরের এক প্রবীণ দেহে যৌবন ফেরানোর চেষ্টা করছে দক্ষিণ কলকাতার বসু পরিবার! এ সেই প্রবীণ, যে ৭৫ বছর আগের এক শীত-রাতে ইতিহাসের বাহন হয়েছিল।
প্রবীণের নাম— ওয়ান্ডারার ডব্লু ২৪। ১৯৪১ সালের ১৬ জানুয়ারি রাত দেড়টা নাগাদ যাতে চড়ে এলগিন রোডের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন সুভাষচন্দ্র বসু। গাড়িটি তাঁকে গোমো পৌঁছে দিয়ে ফিরে আসে।
সেই মহানিষ্ক্রমণের ৭৫ বছর পূর্তিতে এ বছর ওই গাড়ি সংস্কার করানোর সিদ্ধান্ত নিয়েছে নেতাজি রিসার্চ ব্যুরো। ঠিক হয়েছে, পুরনো ইঞ্জিন-সহ কোনও অংশই বাতিল করা হবে না। গাড়িটিকে পুরনো চেহারাতেই সংরক্ষণ করা হবে। ব্যুরোর ডিরেক্টর সুগত বসু জানান, জার্মান গাড়ি প্রস্তুতকারক সংস্থা অডি-র পূর্বসুরি অটো ইউনিয়ন ওই গাড়িটি তৈরি করেছিল। সেই কারণে গাড়িটির সংরক্ষণের জন্য অডির সঙ্গেই চুক্তি করেছেন তাঁরা। অডির তরফে ওই গাড়ির রেস্টোরেশনের দায়িত্ব পেয়েছেন কলকাতার হরিশ মুখার্জি রোডের বাসিন্দা, ভিন্টেজ গাড়ি বিশেষজ্ঞ পল্লব রায়। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সংরক্ষণের কাজ শেষ করতে বলা হয়েছে অডিকে। সুগতবাবুর কথায়, ‘‘আমরা চাই, ওই গাড়ি পুরনো ইঞ্জিনেই ফের চলৎশক্তি ফিরে পাক। বাস্তবে সেটা সম্ভব কি না, আমরা জানি না। ডিসেম্বরে অডি-র কাজ শেষ হলে বোঝা যাবে, আমাদের ইচ্ছে পূরণ হল কি না। তবে অপটিকাল রেস্টোরেশন হবেই। অর্থাৎ, গাড়ির সব পুরনো অংশ সারিয়ে পুরনো চেহারাতেই ফিরিয়ে দেওয়া হবে।’’
১৯৪০ সালের ডিসেম্বর মাসে প্রেসিডেন্সি জেল থেকে ছাড়া পেয়ে এলগিন রোডের বাড়িতে যান সুভাষচন্দ্র। সেখানে ব্রিটিশ সরকার তাঁকে নজরবন্দি করে রাখে। সেই সময় বাড়ি থেকে পালানোর জন্য ভাইপো, প্রখ্যাত চিকিৎসক শিশিরকুমার বসুর সাহায্য চান তিনি। শিশিরবাবুরই পুত্র সুগতবাবু। তিনি বলেন, ‘‘সেই সময় দু’টো গাড়ি নিয়ে আলোচনা হয়। একটা আমার ঠাকুরদা শরৎ বসুর স্টুডি বেকার প্রেসিডেন্ট গাড়ি। অন্যটি আমার বাবার ওয়ান্ডারার। ঠাকুরদার গাড়িটা যেহেতু শরৎ বসুর গাড়ি হিসেবে সকলে চিনত, তাই ওটায় চড়ে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে চলে যাওয়া কঠিন ছিল। তাই শেষ পর্যন্ত ওয়ান্ডারার গাড়িটায় চড়েই মহানিষ্ক্রমণ করেন তিনি।’’ সুগতবাবুর সংযোজন, ‘‘সুভাষচন্দ্র থেকে নেতাজি হয়ে ওঠার পথে ওই গাড়ি একটা বিশেষ ভূমিকা পালন করেছিল।’’

সূত্র : আনন্দবাজার পত্রিকা

basic-bank

Be the first to comment on "চেনা শরীরেই সংরক্ষিত হবে নেতাজির সেই মহানিষ্ক্রমণের বাহন"

Leave a comment

Your email address will not be published.


*