নিজস্ব প্রতিবেদক : পিয়া বিপাশার প্রথম চলচ্চিত্র ‘রুদ্র’ মুক্তি পাচ্ছে। তরুণ নির্মাতা সায়েম জাফর ইমামী জানান, বেশ কয়েকদিন হলো সেন্সর ছাড়পত্র পেয়েছে ছবিটি। আগামী ১৩ মে ছবি মুক্তির জন্য চেষ্টা করছেন তারা। ছবিতে পিয়া বিপাশার বিপরীতে অভিনয় করেছেন এ বি এম সুমন। প্রথম ছবি নিয়ে পিয়া বিপাশা বলেন, খুব ভাল লাগছে। দারুণ রোমাঞ্চকর অনুভূতি। ছবিটির জন্য অনেক দিন অপেক্ষা করতে হলো। সেই ২০১৪ সালে ছবিটির শুটিং শেষ হয়েছিল। এত দিন পর ছাড়পত্র পেল। ছবিটি নিয়ে আশাবাদী এর নির্মাতাও। তিনি মনে করেন, ছবির নায়ক-নায়িকা ও পরিচালক সবাই নতুন। তাই সবাই কাজের প্রতি অনেক বেশি নিবেদিতপ্রাণ ছিলেন। এরই মধ্যে একাধিক ছবির কাজে যুক্ত হয়েছেন মডেল ও নবাগত এই নায়িকা। সম্প্রতি আজিজুর রহমান পরিচালিত ‘মাটি’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন পিয়া বিপাশা। শিগগিরই কানাডায় ছবিটির শুটিং শুরু হবে। সেখানেই হবে ছবির বেশির ভাগ অংশের দৃশ্য ধারণ। এ ছাড়া রকিবুল আলমের পরিচালনায় ‘মনের রাজা’ ছবির একটি গানের দৃশ্য ধারণেও অংশ নিয়েছেন এই অভিনয়শিল্পী।
পিয়া বিপাশার প্রথম ছবি মুক্তির অপেক্ষায়

Be the first to comment on "পিয়া বিপাশার প্রথম ছবি মুক্তির অপেক্ষায়"