শিরোনাম

আইএস শীর্ষ নেতা আদানি নিহত: পেন্টাগন

নিউজ ডেস্ক : ইসলামিক স্টেটের (আইএস) অন্যতম শীর্ষ নেতা ও প্রধান সামরিক কৌশলবিদ আবু মুহাম্মদ আল আদানি যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন)। এর আগে রাশিয়া দাবি করেছিল, তাদের হামলায় আদানি নিহত হয়েছেন। তারও আগে আদানিকে লক্ষ্য করে হামলা চালানোর কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু তার নিহত হওয়ার কথা তখন নিশ্চিত করেনি দেশটি। আইএসের শীর্ষ নেতাদের মধ্যে অন্যতম ছিলেন আদানি, তার মাথার জন্য পাঁচ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছিল। আইএসের বিকল্প আরেকটি নাম ব্যবহার করে দেওয়া এক বিবৃতিতে পেন্টাগনের তথ্য সচিব পিটার কুক বলেন, “সিরিয়ার আল বাবের নিকটে চালানো ওই হামলা আইএসআইএল (আইএস) এর শীর্ষ প্রচারক, সদস্য সংগ্রাহক ও বিদেশে চালানো সন্ত্রাসী অভিযানের প্রধানকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে দিয়েছে। তিনি জানান, ৩০ অগাস্টের ওই বিমান হামলায় একটি ড্রোন ব্যবহার করা হয়েছিল, ড্রোনটি আদানিকে বহনকারী গাড়িতে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। আদানির মৃত্যু নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র দুই সপ্তাহ সময় কেন নিল তা পরিষ্কার হওয়া যায়নি। এর আগে রাশিয়া জানিয়েছিল, আলেপ্পোর উত্তরে উম্ম হাবাশ গ্রামে তাদের এসইউ-৩৪ বোমারুর বোমাবর্ষণে যে ৪০ জন জঙ্গি নিহত হয়েছে আদানি তাদের একজন ছিলেন। কিন্তু রাশিয়ার এই দাবিকে ‘কৌতুক’ অভিহিত করে খারিজ করে দেয় পেন্টাগনের কর্মকর্তারা। কীভাবে তার মৃত্যু হয়েছে তার বিস্তারিত প্রকাশ না করে আইএস-সংশ্লিষ্ট বার্তা সংস্থা আমাক জানিয়েছিল, “আলেপ্পোর বিরুদ্ধে চালানো সামরিক বাহিনীর হামলা প্রতিহত করার অভিযানে দায়িত্বপালনের সময় আদানি শহীদ হয়েছেন।” আইএসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য আদানি আইএসের মুখপাত্রও ছিলেন। ১৯৭৭ সালে সিরিয়ার উত্তরাঞ্চলীয় টাউন বানাশে জন্মগ্রহণ করেছিলেন তিনি।

basic-bank

Be the first to comment on "আইএস শীর্ষ নেতা আদানি নিহত: পেন্টাগন"

Leave a comment

Your email address will not be published.


*