নিউজ ডেস্ক : কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছে। নিহতের নাম আক্তারুল ওরফে ব্রিটিশ (৩০)। মঙ্গলবার দিবাগত গভীর রাতে কুষ্টিয়া-মেহেরপুর মহাড়কে মিরপুর উপজেলার নিমতলায় এ বন্দুরযুদ্ধের ঘটনা ঘটে। নিহত আক্তারুল উপজেলার সদরপুর ইউনিয়নের বড়বাড়ীয়া গ্রামের শামসুল হকের ছেলে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি সাটার গান, দুই রাউন্ড রাইফেলের গুলি ও হাসুয়াসহ ধারালো অস্ত্র উদ্ধারের দাবি করেছে।
মিরপুর থানা পুলিশ সূত্র জানায়, কুষ্টিয়া-মেহেরপুর সড়কে মিরপুর উপজেলার নিমতলা মাঠে কয়েকজন ডাকাত সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। গোপন সূত্রে এ খবর পেয়ে রাত ৩টার দিকে মিরপুর থানা পুলিশের একটি টহলদল সেখান উপস্থিত হয়। এসময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি ছুঁড়লে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থল তল্লাশী করে গুলিবিদ্ধ আক্তারুলকে উদ্ধার করা হয়। আহত অবস্থায় তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ঘটনাস্থল থেকে একটি সাটার গান, দুই রাউন্ড রাইফেলের গুলি ও হাসুয়াসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। নিহত আক্তারুলের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। সম্প্রতি সে কারাগার থেকে জামিনে বের হয়ে মানুষের কাছে চাঁদাদাবিসহ এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছিল বলে দাবি করে পুলিশ।
কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

Be the first to comment on "কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত"