নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নতুন প্রশাসনের দুটি গুরুত্বপূর্ণ পদের জন্য বেছে নিয়েছেন রিপাবলিকান পার্টির একজন শীর্ষ কর্মকর্তা এবং রক্ষণশীল মিডিয়া ব্যক্তিত্বকে।
এদের মধ্যে রিপাবলিকান ন্যাশনাল কমিটির সভাপতি রাইনস প্রিবাস হচ্ছেন হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ। ট্রাম্পের সুরে হোয়াইট হাউজকে সঙ্গত দেওয়ার জন্য তৈরি করার পাশাপাশি কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রক্ষার কাজও প্রিবাসকে করতে হবে।
ট্রাম্প তার চিফ স্ট্র্যাটেজিস্ট হিসেবে বেছে নিয়েছেন রক্ষণশীল দলের সমর্থক ব্রাইবার্ট নিউজ নেটওয়ার্কের সাবেক নির্বাহী চেয়ারম্যান স্টিভেন বেনন। ব্রাইবার্টের দায়িত্ব থেকে সাময়িক বিরতি নিয়ে নির্বাচনে তিনি ট্রাম্পের ক্যাম্পেইন চিফ হিসেবে দায়িত্ব পালন করেন।
বিশ্বকে হতবাক করে গত ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে হারিয়ে দেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প, যাকে ভোটের প্রচারের সময় নানা মন্তব্যের কারণে সমালোচনার মুখোমুখি হতে হয়েছে।
রোববার এক বিবৃতিতে তিনি বলেন, “ভোটের প্রচারে দারুণ সফল দলটিকে আমি দেশের নেতৃত্বে দেওয়ার কাজেও পাশে পাচ্ছি। আমি রোমাঞ্চিত।”
গুরুত্বপূর্ণ দুই পদে কারা দায়িত্ব পাচ্ছেন সেই ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, “স্টিভ আর রাইনস দুজনেই অত্যন্ত যোগ্য নেতা, যারা আমাদের নির্বাচনী প্রচারে একসঙ্গে কাজ করেছে এবং আমাদের ঐতিহাসিক জয়ের পথে এগিয়ে নিয়েছে। এখন হোয়াইট হাউজেও আমি তাদের পাশে পাচ্ছি, যেখানে আমাদের কাজ হবে আমেরিকাকে আবার শ্রেষ্ঠত্বের আসনে নিয়ে যাওয়া।”
ট্রাম্প প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্বে প্রিবাস ও বেনন

Be the first to comment on "ট্রাম্প প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্বে প্রিবাস ও বেনন"