নিউজ ডেস্ক : ‘আওয়ামী লীগের লক্ষ্য দেশের সুষম উন্নয়ন করা। দুর্নীতি করে ভাগ্য গড়তে আসিনি আমরা। আমি জাতির পিতার কন্যা। রাজনীতি করছি নিজের ভাগ্য উন্নয়নের জন্য নয়, মানুষের কল্যাণে। বাকিটা জীবন সেটাই করে যাবো।’ এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘এই দেশের মানুষের জন্য আমার বাবা-মা, ভাই-বোন সবাই জীবন দিয়েছেন। আমি সব হারিয়েছি, আমার তো আর হারাবার কিছু নেই। চাওয়া-পাওয়ার কিছু নেই। এখন এ দেশের মানুষের জন্য কিছু করতে চাই।’
উচ্চশিক্ষা খাতসহ দেশের ১ কোটি ৭০ লাখ ছাত্র-ছাত্রীকে মেধাবৃত্তি দেওয়া হচ্ছে বলে তিনি জানান। বলেন, ‘শিক্ষার্থীদের আজকে আর বই-খাতা কিনতে হয় না, আমরা সবই দিচ্ছি। দেশে এখন খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে। মানুষের চাহিদা বদলে গেছে। এখন মানুষ বিদ্যুৎ চায়, স্কুল চায়। আমরা তা করছি।’
স্বাস্থ্যখাতে তার সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘এ খাতে উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি। আরও তিনটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কলেজ করছি। এছাড়া প্রতিটি বিভাগে একটি করে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হবে।’ তিনি বলেন, তার সরকার গণমুখী স্বাস্থ্য নীতি গ্রহণ করেছে এবং সে আঙ্গিকেই একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। এখন নার্সরাও পিএইচডি করার সুযোগ পাচ্ছেন।’ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র সম্পর্কে শেখ হাসিনা বলেন, ‘আশা করি এই হাসপাতাল মানবসেবায় অবদান রাখবে।’ তিনি আগামীতে এখানে চোখের চিকিৎসার জন্য আসবেন বলেও জানান। খবর বাসস।

Be the first to comment on "দুর্নীতি করে ভাগ্য গড়তে আসিনি: শেখ হাসিনা"