নিউজ ডেস্ক : সুষ্ঠুভাবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মন্তব্য করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘নৌকা স্বাধীনতা ও নিরীহ মানুষের শক্তি। আমার বিশ্বাস নৌকার পক্ষে বিজয় আসবে। এসময় তিনি আরও বলেন, ‘আর মাত্র এক ঘণ্টা বাকি আছে। আমি জয় নিয়ে আশাবাদী। আশা করছি, এক ঘণ্টা পরেই আপনারা আইসক্রিম খাবেন।’
বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে শহরের ১২ নম্বর ওয়ার্ডের বার একাডেমি কেন্দ্রে ভোট দিয়ে বের হয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ভোট দিয়ে বের হয়ে শামীম ওসমান সাংবাদিকদের বলেন, ‘আমাদের টার্গেট ছিল একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন করা। আমেরিকার নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু আমাদের এ নির্বাচন নিয়ে কোনও প্রশ্ন উঠবে না। আমি আশা করি, নির্বাচনে আমরা জয়লাভ করব।’ তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জের অনেক লোক ও পত্রিকা আছে, তারা খুব চেষ্টা করেছে নির্বাচনকে এটা ইস্যু বানানোর। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। নারায়ণগঞ্জের অনেক লোকের পায়ের নিচে মাটি নেই। তারা বিভিন্নভাবে উস্কানি দিয়ে এসেছে। আমি নারায়ণগঞ্জের রাজনীতি করে এখানে এসেছি। ওই উস্কানিতে তারা চলতে পারে, কিন্তু আমরা চলি না।’
আগে বেলা আড়াইটার দিকে গাড়িতে (ঢাকা মেট্রো-ঘ-১৫-১৬৬২ ) করে ভোট কেন্দ্রে অাসেন শামীম ওসমান। কেন্দ্রে এসে গাড়ি থেকে নেমে তিনি কেন্দ্রের ভেতর প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে অন্য কাউকে কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেখা যায়নি। তবে গাড়িতে তার দু’জন সঙ্গী ছিলেন। তারা গাড়ি থেকে নামেননি।

Be the first to comment on "নৌকার পক্ষে বিজয় আসবে : শামীম ওসমান"